দেশের স্বর্ণবাজারে দাম বৃদ্ধির ধারা থামছেই না। টানা অষ্টমবারের মতো বাড়ল স্বর্ণের দাম, আর তাতেই গড়ল নতুন সর্বোচ্চ রেকর্ড। সর্বশেষ দফায় ভরিতে এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকায়। নতুন এই দর আগামীকাল সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে দুই লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি এক লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৫৬ হাজার ৫৩১ টাকায়।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দাম বৃদ্ধির ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার মূল্য দাঁড়িয়েছে ছয় হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ভরিপ্রতি পাঁচ হাজার ৫৭৪ টাকায় এবং ১৮ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ৯৫৭ টাকা। সনাতন পদ্ধতির রুপার ভরি এখন পাওয়া যাবে তিন হাজার ৭৩২ টাকায়।
বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব, স্থানীয় চাহিদা ও খাঁটি স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম ধারাবাহিকভাবে বাড়ছে। এতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়লেও সাধারণ ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা দিন দিন আরও ব্যয়বহুল হয়ে উঠছে।

