ই-রিটার্ন দাখিলে অসমর্থ ব্যক্তিশ্রেণির করদাতারা আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর অঞ্চলে আবেদন করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
গতকাল সোমবার এনবিআরের জারি করা আদেশে বলা হয়েছে, চলতি করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হলেও যারা ই-রিটার্ন দিতে পারছেন না, তারা আগের মতো রিটার্ন দাখিলের সুযোগ চাইতে পারবেন। এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
এর আগে কর আদায়কারী সংস্থাটি আবেদনের সময়সীমা নির্ধারণ করেছিল। পরে কয়েক দফা সময় বাড়ানো হয়। সর্বশেষ আরেক দফা বাড়িয়ে আবেদন করার সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এর এক দিন আগে রোববার ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় এক মাস বাড়ানো হয়। নতুন সময় অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি।
চলতি করবর্ষে স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। এর মধ্যে রয়েছেন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনজীবী প্রতিনিধিরা।
এই শ্রেণির করদাতাদের ক্ষেত্রে আইনজীবী প্রতিনিধিরা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। প্রবাসী বাংলাদেশিদের জন্যও অনলাইনে ইচ্ছামতো রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে।

