সরকার রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে ভারত থেকে আরও ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা ১ পয়সা।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই চুক্তির অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সরকারি খাদ্য মজুত বৃদ্ধি এবং সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার স্বার্থে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে এই চাল আমদানি করা হবে।
দরপত্রের প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ভারতের বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রতি মেট্রিক টন ৩৫৯.৭৭ মার্কিন ডলারে মোট ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৫০০ ডলারে চাল কেনা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২২০ কোটি ৫ লাখ ৩৩ হাজার ২০৫ টাকা।
এর আগে, ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত একই কমিটির বৈঠকে ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে ভারত থেকে প্রতি কেজি ৪৩ টাকা ৫১ পয়সা দরে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল এবং পাকিস্তান থেকে প্রতি কেজি ৪৮ টাকা ৩০ পয়সা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

