নতুন বছরের প্রথম দিন থেকে দেশের বাজারে কম দামে মিলবে সোনা।
আজ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই ঘোষণা দিয়েছে, সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম নেমে এসেছে দুই লাখ ২৪ হাজার টাকায়।
বাজুসের আজ বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম ২৬ সালের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি (আগামীকাল বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে।
সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে পিওর গোল্ডের দাম কমায় স্থানীয় বাজারেও সোনার দাম কমেছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইসডটওআরজি সূত্রে জানা যায়, প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩০০ ডলারে নেমেছে। এর আগে ২৬ ডিসেম্বর এটি ছিল ৪ হাজার ৫০০ ডলার।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরি দাম হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
যদিও সোনার দাম কমেছে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেট রুপার এক ভরি দাম ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা।

