গত ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠানকে নতুনভাবে ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ১২টি ভ্যাট কমিশনারেট প্রতিদিন, ছুটির দিনসহ বিশেষ ক্যাম্পেইন ও জরিপ পরিচালনা করেছে। এর ফলে ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন ভ্যাট নম্বর দেওয়া সম্ভব হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান ছিল ৫ লাখ ১৬ হাজার। এখন এটি ৭ লাখ ৭৫ হাজারে পৌঁছেছে।
এনবিআর আরও জানিয়েছে, গত ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০–১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করা হয়েছে। পাশাপাশি ১০–৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। এই সময় দেশব্যাপী ১ লাখ অনিবন্ধিত প্রতিষ্ঠান নতুনভাবে চিহ্নিত করে নিবন্ধনের আওতায় আনা হয়েছে।
এনবিআরের আদায়কৃত শুল্ক, ভ্যাট ও আয়করের মধ্যে সবচেয়ে বেশি আয় ভ্যাট থেকে হয়। গত বছর মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশ এসেছে ভ্যাট থেকে। ভ্যাটের আওতা বাড়ানোর জন্য বর্তমান সরকার বিদ্যমান ভ্যাট আইন সংশোধন করেছে। নতুন বিধান অনুযায়ী, এবার যেসব প্রতিষ্ঠানের বাৎসরিক টার্নওভার ৫০ লাখ টাকার বেশি, তাদের ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক।
ভ্যাট নিবন্ধন সহজ করতে এনবিআর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে:
-
প্রতিষ্ঠানগুলো সহজে অনলাইনে ভ্যাট নিবন্ধন করতে পারবে
-
নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহ অনলাইনে ভ্যাট সরকারী কোষাগারে জমা দিতে পারবে
-
ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সুবিধা
-
অটোমেটেড পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেওয়া
-
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ভ্যাট রিটার্ন প্রণয়নের ব্যবস্থা
এই উদ্যোগগুলো ভ্যাট প্রদানে স্বচ্ছতা ও সহজলভ্যতা নিশ্চিত করবে।

