চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা কাটছাঁটের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে আগের বছরগুলোর মতো এবারও এ সিদ্ধান্ত আসছে।
সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ে সংশোধিত এডিপির খসড়া চূড়ান্ত করতে একাধিক বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খুব শিগগিরই সংশোধিত এডিপির খসড়া চূড়ান্ত করা হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের সংশোধিত এডিপির সম্ভাব্য আকার হতে পারে ২ লাখ কোটি টাকা। অথচ অর্থবছরের শুরুতে এডিপির আকার নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। সে হিসাবে এবার মোট বরাদ্দ কমছে প্রায় ৩০ হাজার কোটি টাকা। মূল এডিপিতে স্থানীয় উৎস থেকে অর্থায়নের পরিমাণ ছিল ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে তা কমিয়ে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা করার প্রস্তাব রয়েছে।
এছাড়া প্রকল্প সহায়তা খাতে মূল এডিপিতে বরাদ্দ ছিল ৮৬ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে এই অঙ্ক কমিয়ে ৭২ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে।
আগামী ৭ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় সংশোধিত এডিপি অনুমোদন পেতে পারে। বর্তমানে চলতি অর্থবছরের এডিপিতে মোট ১ হাজার ১৭১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, গত অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি আরএডিপির আকার সবচেয়ে বেশি কমানো হয়েছিল। সে সময় এডিপি থেকে ৪৯ হাজার কোটি টাকা কাটছাঁট করা হয়। গত অর্থবছরের সংশোধিত এডিপির মোট আকার ছিল ২ লাখ ১৬ হাজার কোটি টাকা।

