তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও সংবেদনশীল তথ্যের সাইবার নিরাপত্তা আরও জোরদার করতে সিকিউরিটি অপারেশনস সেন্টার বা এসওসি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকাল রোববার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের রাজস্ব ভবনে নতুনভাবে স্থাপিত এই অপারেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এনবিআর জানায়, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ) কর্তৃক জারিকৃত সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, অ্যাসাইকুডা অবকাঠামোসহ কাস্টমস ও রাজস্ব ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ তথ্যসম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার ঝুঁকি কমানোর লক্ষ্যে এসওসি স্থাপন করা হয়েছে। এই সেন্টার পরিচালনায় এনবিআরের একটি বিশেষায়িত টিম উন্নত প্রযুক্তি ব্যবহার করছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে।
এসওসির মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি ও সন্দেহজনক কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যাবে। একই সঙ্গে হুমকি শনাক্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে ২৪ ঘণ্টা। এনবিআরের ধারণা, এসওসি চালুর ফলে রাজস্ব ব্যবস্থাপনায় তথ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। এতে ডিজিটাল কাস্টমস ও কর ব্যবস্থার ওপর আস্থাও বাড়বে।

