চলতি জানুয়ারির প্রথম তিন দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৫১৩ কোটি ৬০ লাখ টাকা, যেখানে প্রতি ডলার ধরা হয়েছে ১২২ টাকা।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের জানুয়ারির প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১ কোটি মার্কিন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩৭ দশমিক ১০ শতাংশ, যা চলতি বছরের শুরুতেই ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
এদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ৩ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৬৫৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৩৯৮ কোটি ৭০ লাখ ডলার।
অর্থনীতিবিদদের মতে, বছরের শুরুতেই রেমিট্যান্সে এমন গতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় ব্যবস্থাপনা ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য স্বস্তিদায়ক হতে পারে।

