জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট রিটার্ন আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে করদাতারা তাদের আগে দাখিল করা হার্ড কপি রিটার্ন নিজে ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করতে পারবেন, কোনো জরিমানা বা সুদ ছাড়াই।
আজ সোমবার (৫ জানুয়ারি) এনবিআর নতুন সাব-মডিউলের কার্যক্রম সংক্রান্ত পরিপত্র জারি করেছে। পরিপত্র অনুসরণ করে করদাতারা সহজে রিটার্ন এন্ট্রি সম্পন্ন করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনবিআর।
এনবিআর জানিয়েছে, আগের ব্যবস্থায় পেপার রিটার্ন সিস্টেমে এন্ট্রি করাতে ভ্যাট কমিশনারেটের সেন্ট্রাল প্রসেসিং সেন্টার (সিপিসি) ব্যবহার করা হতো। এতে কর্মকর্তারা তথ্য সিস্টেমে এন্ট্রি করতেন। তবে এ প্রক্রিয়ায় ভুল হলে দায় নির্ধারণ জটিল হতো এবং বিপুল সংখ্যক রিটার্ন এন্ট্রি করতে অনেক সময় লাগত।
ফলে অনেক করদাতা সময়মতো রিটার্ন এন্ট্রি করতে পারতেন না। এতে স্বয়ংক্রিয়ভাবে সুদ ও জরিমানা আরোপ হতো। পরে অনলাইনে রিটার্ন দিতে চাইলে আগে জরিমানা পরিশোধ করতে হতো। নতুন সাব-মডিউলের মাধ্যমে যারা ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারায় নির্ধারিত সময়ের মধ্যে হার্ড কপি রিটার্ন দাখিল করেছেন, তারা কোনো সুদ ও জরিমানা ছাড়াই নিজে ই-ভ্যাটে রিটার্ন এন্ট্রি করতে পারবেন।
এনবিআর জানিয়েছে, করদাতাদের ই-মেইল ও মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ই-ভ্যাট লিংক পাঠানো হবে। সেই লিংকের মাধ্যমে ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ সাব-মডিউল ব্যবহার করা যাবে। আগে দাখিল করা সব পেপার রিটার্ন ৩১ মার্চ পর্যন্ত জরিমানা ও সুদ ছাড়াই ই-ভ্যাটে এন্ট্রি দেওয়া যাবে। এ প্রক্রিয়া শেষ হলে করদাতারা ভবিষ্যতের সব ভ্যাট রিটার্ন অনলাইনে সহজে দাখিল করতে পারবেন। নতুন উদ্যোগের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং কর প্রশাসনের পূর্ণ ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত হবে। এনবিআর করদাতাদের সহযোগিতা কামনা করেছে।

