নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে শক্তিশালী প্রবাহের ইঙ্গিত মিলেছে। চলতি জানুয়ারির প্রথম চার দিনেই দেশে এসেছে ৪৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রতিদিন গড়ে দাঁড়ায় ১১ কোটি ৬৫ লাখ ডলার।
সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বছরের প্রথম চার দিনে প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহে ইতিবাচক গতি এনেছে।
তুলনামূলক পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২২ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা চলমান অর্থনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ স্বস্তির খবর।
আরিফ হোসেন খান আরও জানান, শুধু ৪ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা একদিনের হিসাবে বেশ বড় অঙ্ক।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৩ কোটি ১০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসী আয় বছর ব্যবধানে ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
এর আগে সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। এটি ২০২৫–২৬ অর্থবছরের মধ্যে একক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে পাওয়া দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, বছরের শুরুতে এই ধারাবাহিক প্রবৃদ্ধি রিজার্ভ ব্যবস্থাপনা ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

