চলতি বছরের শুরুতেই দেশের প্রবাসী আয়ে ইতিবাচক গতি দেখা যাচ্ছে। জানুয়ারির প্রথম পাঁচ দিনেই রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি জানুয়ারির প্রথম পাঁচ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৩৯ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তিনি আরও জানান, শুধু ৫ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ডলার। চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৮৬ কোটি ৯০ লাখ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ১৯ দশমিক শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি চলতি অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
এর আগে নভেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে এই অঙ্ক ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাই মাসে দেশে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
সব মিলিয়ে গত ২০২৪–২০২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এটি দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে অর্জিত সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

