জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে বড় অঙ্কের কর পরিশোধ এবং তাৎক্ষণিক চালান পাওয়ার নতুন ব্যবস্থা চালু করেছে।কর পরিশোধ প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও পুরোপুরি ডিজিটাল করতে রোববার ঢাকার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে পরীক্ষামূলকভাবে এমএফএস কোম্পানি বিকাশ লিমিটেডের মাধ্যমে উৎসে কর বাবদ ১৩ কোটি টাকা এবং মূসক বাবদ ৬৪ কোটি টাকা পরিশোধ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট চালানও তাৎক্ষণিকভাবে গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, এমএফএসের মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধের সুযোগ চালু হওয়ায় করপোরেট করদাতাদের জন্য কর দেওয়া আরও সহজ ও দ্রুত হবে। এতে কর সংগ্রহ ব্যবস্থায় গতি আসবে এবং পুরো প্রক্রিয়া আরও আধুনিক ও সময়োপযোগী হবে।
তিনি বলেন, বর্তমানে অনেক করপোরেট প্রতিষ্ঠান এমএফএসের মাধ্যমে কর্মীদের বেতন পরিশোধ করছে। নতুন এই ব্যবস্থার ফলে একই প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা উৎসে করসহ বিভিন্ন ধরনের কর ও ভ্যাট পরিশোধ করতে পারবে।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, ভবিষ্যতে অন্যান্য এমএফএস কোম্পানিও এই সেবার আওতায় যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
এনবিআর সূত্রে জানা যায়, নতুন এই ব্যবস্থায় ই-টিডিএস সিস্টেমের মাধ্যমে উৎসে কর এবং অর্থ বিভাগের এ-চালান সিস্টেম ব্যবহার করে মূসক পরিশোধ করা যাচ্ছে। এতে করদাতাদের ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা কমবে বলে মনে করছে সংস্থাটি।

