দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে নতুন করে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চারটি ব্যাংক এবং সাতটি সিটি কর্পোরেশন।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা।
এমওইউ স্বাক্ষরকারী চারটি ব্যাংক হলো— রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। সাতটি সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
এই সমঝোতার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক ও সিটি কর্পোরেশনগুলোর নিজস্ব সিস্টেম বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে যুক্ত হবে। ফলে বিনিয়োগকারীরা একক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন আর্থিক ও সিটি কর্পোরেশন–সংক্রান্ত সেবা দ্রুত, স্বচ্ছ এবং হয়রানিমুক্তভাবে নিতে পারবেন।
অনুষ্ঠানে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, একজন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পগোষ্ঠীর বিনিয়োগকারী— সবাই যেন একটি ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমেই প্রয়োজনীয় সব সরকারি সেবা পান, সেটিই বিডার মূল লক্ষ্য। একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার দিকেই বাংলাদেশ এগোচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শুধু সিস্টেম চালু করাই যথেষ্ট নয়। সেবাগুলো বাস্তবে ব্যবহার হচ্ছে কি না এবং বিনিয়োগকারীরা কী ধরনের সমস্যার মুখে পড়ছেন, তা নিয়মিত মনিটরিং ও ফিডব্যাকের মাধ্যমে জানতে হবে। এ ক্ষেত্রে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় নতুন করে যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। একই সঙ্গে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়নে বিডার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান তিনি।
ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী বিনিয়োগ–সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবা একক প্ল্যাটফর্ম থেকে দেওয়ার লক্ষ্যে বিডা ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল চালু করে। আজকের ১১টি প্রতিষ্ঠানসহ এখন পর্যন্ত মোট ৫২টি প্রতিষ্ঠানের সঙ্গে বিডা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বর্তমানে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা দেওয়া হচ্ছে। এই সিস্টেমের আওতায় এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৬৯৯টি আবেদন নিষ্পত্তি হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠানের সেবা এই প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিডার ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমের সার্বিক উপস্থাপনা করেন মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপরিচালক আবু মোহাম্মদ নুরুল হায়াত টুটুল।

