পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আফগানিস্তানের কোম্পানি হেজাজ লিমিটেডের কাছ থেকে আবারও ওষুধ রপ্তানির কার্যাদেশ পেয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে কোম্পানিটির রপ্তানি কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার, ২০ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানিটি তথ্যটি জানিয়েছে। ডিএসইতে দেওয়া তথ্যে বলা হয়, হেজাজ লিমিটেডের কাছ থেকে ৭৬ হাজার ১৪২ দশমিক ৬৮ মার্কিন ডলার মূল্যের একটি কার্যাদেশ গ্রহণ করেছে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস। এই চুক্তির মাধ্যমে বিদেশি বাজারে কোম্পানিটির অবস্থান আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টদের ধারণা। পাশাপাশি নতুন আদেশটি কোম্পানির বৈদেশিক মুদ্রা আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশা করছেন।
এর আগে একই আফগান কোম্পানি হেজাজ লিমিটেডের কাছ থেকে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস ১ লাখ ২৩ হাজার ২১৮ মার্কিন ডলারের পণ্য রপ্তানির কার্যাদেশ পেয়েছিল।
আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২০ কোটি ৪০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৪০ লাখ। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৬৯ দশমিক ৮৫ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৫ দশমিক ৪৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৪ দশমিক ৬৬ শতাংশ শেয়ার।

