পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। সেতুটি উদ্বোধনের পর থেকে মোট টোল আয় এখন তিন হাজার কোটি টাকার ওপরে পৌঁছেছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা রাজধানীর সঙ্গে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত হয়েছে। এই সময়ে সেতুটি দিয়ে যানবাহনের চলাচল ও রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।
সেতু চালু হওয়ায় যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দেশের জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং শিল্পজাত পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, জনগণের সহযোগিতা এবং ডিজিটাল টোল ব্যবস্থার আধুনিকায়নের ফলে অল্প সময়ে এই সাফল্য সম্ভব হয়েছে।

