সরকার দেশের বিভিন্ন সড়ক উন্নয়নের জন্য ১ হাজার ৯৮ কোটি ৯১ লাখ ৯১ হাজার ২১৩ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের (প্যাকেজ-১) আওতায় জাতীয় সড়ক নিরাপত্তা প্রদর্শনী পাইলট প্রকল্প (এন–৪ ও এন–৬)-এর প্রকৌশলগত উন্নয়নের পূর্ত কাজের জন্য ২২২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৮৫৮ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
একই বিভাগের আরেক প্রস্তাব অনুযায়ী, এই প্রকল্পের (প্যাকেজ-৩) আওতায় অগ্রাধিকারভিত্তিক গণকার্যক্রম—কেন্দ্রীয় অঞ্চলের (ঢাকা, ময়মনসিংহ) পূর্ত কাজের জন্য ১৮৮ কোটি ১৮ লাখ ৮০ হাজার ৯০৭ টাকা অনুমোদিত হয়েছে। প্যাকেজ-এসপি (আরএইচডি)-০২এম এর আওতায় পরামর্শক সেবা ক্রয়ের জন্য ৩৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ২৩ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে আরও অনুমোদন দেওয়া হয় ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের বিভিন্ন প্যাকেজের পূর্ত কাজের জন্য।
-
প্যাকেজ-পিডব্লিউ-০৩: ১৪০ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৬৬১ টাকা
-
প্যাকেজ-পিডব্লিউ-০৪: ১৫২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ২৫১ টাকা
-
প্যাকেজ-ডব্লিউপি-৫: ১৩৯ কোটি ৭৪ লাখ ৭৭ হাজার ৪৪৩ টাকা
-
প্যাকেজ-ডব্লিউপি-৬: ১২০ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৭০ টাকা
সব মিলিয়ে দেশের সড়ক ও মহাসড়কের পূর্ত কাজ, পরামর্শক সেবা এবং বিশেষ প্রকল্পের উন্নয়নে প্রায় ১ হাজার ৯৮ কোটি টাকা ব্যয় অনুমোদন পেল।

