শতবর্ষী বাণিজ্য সংগঠন, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: মোতাহের হোসেন।
গতকাল বুধবার (২১ জানুয়ারি) চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত পত্রে প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরীর (সদস্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) পরিবর্তে সরকারের অনুমোদনক্রমে মো: মোতাহের হোসেনকে ২০ জানুয়ারি থেকে চলমান চেম্বার নির্বাচন কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
সূত্র জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকসহ ২৪ জন পদত্যাগ করলে, বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে ৯ সেপ্টেম্বর অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী প্রশাসক নিয়োগের আদেশ জারি করেছিলেন।
প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব নেন তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। ২ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন প্রশাসকের মেয়াদ ৬০ দিন বাড়ানোর চিঠি দেন। প্রশাসক দায়িত্ব গ্রহণের ১১ মাস পর, ১১ আগস্ট চেম্বারের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও মামলা সংক্রান্ত জটিলতা ও জাতীয় নির্বাচনের কারণে ভোট গ্রহণ সম্ভব হয়নি।
এরপর ৮ সেপ্টেম্বর চেম্বারের নতুন প্রশাসক হিসেবে মোহাম্মদ নূরুল্লাহ নূরীকে নিয়োগের বিষয়টি বাণিজ্য সংগঠন-১ শাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন চিঠির মাধ্যমে জানানো হয়।

