বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগকারীদের অনলাইনের মাধ্যমে রেমিট্যান্স রিপ্যাট্রিয়েশন বা বিদেশে অর্থ প্রেরণ সেবা দেওয়ার অনুমোদন দিয়েছে। এখন থেকে এই সেবার আওতায় রয়্যালটি, টেকনিক্যাল নলেজ, কারিগরি সহায়তা এবং ফ্র্যাঞ্চাইজ ফি সম্পর্কিত পেমেন্টও করা যাবে। গতকাল বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিডা জানিয়েছে, আগে এই সেবা কেবল অফলাইনে পাওয়া যেত। প্রযুক্তিগত উন্নয়নের ফলে এখন পুরো প্রক্রিয়াটি অনলাইনে করা সম্ভব। বিনিয়োগকারীরা ডিজিটালি আবেদন করতে পারবেন, আবেদন ট্র্যাক করতে পারবেন, ফি দিতে পারবেন এবং সার্ভিস লেভেল এগ্রিমেন্ট অনুযায়ী সাত কর্মদিবসের মধ্যে সেবা পাবেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “আমরা রেমিট্যান্স অনুমোদনের পুরো প্রক্রিয়াকে ডিজিটাল, দ্রুত ও পরিবেশবান্ধব করার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও জবাবদিহিমূলক সিস্টেম তৈরি করেছি।”
তিনি আরও জানান, সরকারের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলাবিজ’ চালু হয়েছে। এটি বিডা এবং অন্যান্য বিনিয়োগ সংস্থার ওএসএস পোর্টালের সেবাকে একত্রিত করছে। জাইকার সহযোগিতায় তৈরি এই প্ল্যাটফর্মে এই মাসের শেষ নাগাদ ২৫টির বেশি সেবা সরাসরি যুক্ত হবে। এতে বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো আরও সহজ ও দ্রুত হবে।
বর্তমানে বিডার ওএসএসে ১৪২টি সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। নতুন এই সংযোজন ব্যবসা সহজীকরণ এবং বিনিয়োগ সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি বড় অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে।
ডিজিটাল রূপান্তরে কারিগরি সহায়তা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম (টিইপিপি-১১) প্রকল্পের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স ইউনিট। প্রকল্পটি যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

