প্রচলিত আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এ বছর বিশেষ পরিস্থিতিতে সময় দুই দফায় মোট দুই মাস বাড়ানো হয়েছে। বর্তমান সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি।
এনবিআর ফের সময় বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। গতকাল রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ সময়ে যদি দেখা যায় রেজিস্ট্রেশন করা করদাতাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ এখনও জমা দেননি, তখন আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে পারি।” তবে তিনি স্পষ্ট জানান, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
চেয়ারম্যান জানান, এ পর্যন্ত ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ ইতোমধ্যে রিটার্ন দাখিল করেছেন।
আয়কর আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা দিতে হয়। এছাড়া তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত সুবিধা থেকেও বঞ্চিত হন। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় আগামী ২৬ জানুয়ারি ‘ইন্টারন্যাশনাল কাস্টমস ডে’ উপলক্ষে। সেখানে চেয়ারম্যান এনবিআরের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরেন।

