রাজধানীতে নির্মাণাধীন ও আংশিক সম্পন্ন ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সম্প্রতি এ আদেশ দেন।
আদালতের নির্দেশে আগামী ছয় মাসের মধ্যে ওয়াসা, রাজউক ও বিদ্যুৎ বিভাগ কোনো ধরনের পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে না। একই সঙ্গে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনে রিহ্যাব জানায়, নির্মাণাধীন ও আংশিক সম্পন্ন ভবনের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন হলে সেখানে বসবাসরত পরিবারগুলোর দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়া নির্মাণকাজ বন্ধ হয়ে শ্রমিকসহ সংশ্লিষ্টরা কর্মহীন হয়ে পড়েন এবং ডেভেলপাররা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হন। আদালত মানবিক বিষয়, বাসিন্দাদের পানি ও বিদ্যুতের ওপর নির্ভরশীলতা এবং সম্ভাব্য ক্ষতি বিবেচনা করে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দিয়েছেন।
আদালতের আদেশে বলা হয়েছে, আগামী ছয় মাস কোনো বিদ্যুৎ লাইন, পানির সংযোগ বা অন্যান্য পরিষেবা বন্ধ করা যাবে না। ফলে সংশ্লিষ্ট ভবনের মালিক ও ডেভেলপাররা তাৎক্ষণিক ভোগান্তি থেকে রক্ষা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত কয়েক মাসে রাজউক, ডেসকো, ডিপিডিসি ও অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার সহায়তায় রাজধানীর এক হাজার ২০০টির বেশি নির্মাণাধীন ও আংশিক সম্পন্ন ভবনের বিদ্যুৎ মিটার বিচ্ছিন্ন করা হয়েছে। এতে বহু নির্মাণ প্রকল্প কার্যত বন্ধ হয়ে গেছে। ফ্ল্যাট হস্তান্তর ব্যাহত হয়, শ্রমিকরা বেকার হন এবং ডেভেলপাররা ব্যাংক ঋণ পরিশোধ ও গ্রাহকের সঙ্গে চুক্তি রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। এসব বাস্তবতা তুলে ধরেই রিহ্যাব আদালতের শরণাপন্ন হয়।

