নতুন বছরের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা ২.৪৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স।
গতকাল রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি জানুয়ারির প্রথম ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়ে গেছে। একই সময়ে গত বছর দেশে এসেছে ১৬৬ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। এ বছর ধরে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ২১.৪০ শতাংশ। এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। এটি চলতি অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়েছে। এছাড়া গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার, অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগষ্ট ও জুলাইয়ে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড প্রবাসী আয়।

