বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের একটি অঞ্চলে বড় বিনিয়োগ আসছে দক্ষিণ কোরিয়া থেকে। চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ব্যাগ, লাগেজ ও উচ্চমানের পোশাক উৎপাদনে কারখানা স্থাপনে চুক্তি করেছে বেপজা ও কোরিয়ান কোম্পানি পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড।
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার বেপজা কমপ্লেক্সে এ লিজ চুক্তি স্বাক্ষর হয়। প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৮ কোটি মার্কিন ডলার। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে চেয়ারম্যান মি. বোমজুন পার্ক চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
চুক্তি অনুযায়ী, পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড ৫৭ হাজার ৬০০ বর্গমিটার জমিতে কারখানা স্থাপন করবে। এ কারখানায় হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক ও লাগেজের পাশাপাশি নিট ও ওভেন গার্মেন্টস পণ্য উৎপাদন করা হবে। এর মধ্যে রয়েছে পোলো শার্ট, টি-শার্ট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ট্রাউজার, স্পোর্টসওয়্যার এবং আন্ডারগার্মেন্টস।
প্রকল্পটি পূর্ণমাত্রায় চালু হলে প্রায় ১০ হাজার ৯৬০ জন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।
দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা ও সহযোগিতা দিতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যানকে বেপজার অধীনে পরিচালিত ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও দক্ষিণ কোরীয় উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের আরও উন্নত সেবা দিতে বেপজা ধারাবাহিকভাবে সেবা ব্যবস্থার আধুনিকায়ন, অটোমেশন ও ডিজিটাল সেবার পরিধি বাড়াচ্ছে। প্রতিনিয়ত আগের চেয়ে ভালো করার মধ্য দিয়েই বেপজার প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব অবস্থান ধরে রাখার অঙ্গীকার বাস্তবায়ন করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যান মি. বোমজুন পার্ক জানান, তাদের প্রতিষ্ঠান কোচ ও কেট স্পেডের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য ব্যাগ উৎপাদন করবে। তিনি বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎপাদন গন্তব্য হিসেবে উল্লেখ করেন এবং বেপজার দ্রুত, সহজ ও বিনিয়োগবান্ধব সেবার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

