চলতি ফেব্রুয়ারি মাসের মাত্র দুই দিনেই দেশে প্রবেশ করেছে ৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রবাসীরা দেশে পাঠাচ্ছেন প্রায় ১৬ কোটি ৩০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল মাত্র ১৭ কোটি ৭০ লাখ ডলার। তাই এক বছরের ব্যবধানে প্রবাসী আয় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে প্রবাসী আয় পৌঁছেছে ১ হাজার ৯৭৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২২ দশমিক ৩০ শতাংশ বেশি।
এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত।
এদিকে, পুরো ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার বা ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এক বছরের রেমিট্যান্স আয়ের রেকর্ড।
বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক মুদ্রার এই প্রবাহ দেশের ডলার রিজার্ভ বাড়াতে, বিনিয়োগ ও অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের অব্যাহত সহায়তা দেশের অর্থনীতির ‘লাইফলাইন’ হিসেবে কাজ করছে।

