কেন্দ্রীয় ব্যাংক আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, দেশের অর্থনীতির সব সূচক ইতিবাচক থাকলেও মূল্যস্ফীতির কারণে নীতি সুদের হার এই মুহূর্তে অপরিবর্তিত রাখা হয়েছে।
গভর্নর জানান, রাজনৈতিক অস্থিরতা এবং আস্থার অভাবের কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম। বাজেটে কাটছাঁট করা হলেও ব্যাংকখাত থেকে ঋণের হার বৃদ্ধি পেয়েছে।
আজকের সংবাদ সম্মেলনে নীতি সুদের হার ১০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ব্যাংকগুলিকে ঋণ দিতে উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ)-এর সুদ ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকরা কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখলে আগের তুলনায় কম লাভ পাবেন। এতে তারা সেই অর্থ ব্যবসা ও শিল্প খাতে ঋণ দেওয়ার দিকে বেশি মনোযোগ দেবে।
নীতি সুদের অন্যান্য সূচকেও বড় ধরনের পরিবর্তন আনা হয়নি। স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ)-এর ঊর্ধ্বসীমা আগের মতো ১১.৫ শতাংশ রাখা হয়েছে। আর স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ)-এর নিম্নসীমা ৮ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।
গভর্নর আরও বলেন, “আমরা চাই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে টাকা না রেখে বিনিয়োগে যাক। এজন্য এসডিএফ কমানো হয়েছে; ভবিষ্যতে এটি আরও কমানো হবে।” তিনি জানান, পূর্ববর্তী নীতিতে বেসরকারি খাতে ঋণের লক্ষ্য পূরণ হয়নি। তবে নির্বাচন পরবর্তী সময়ে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বিবেচনা করে নতুন ছয় মাসের নীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সামান্য বাড়ানো হয়েছে।

