জানুয়ারি মাসের ই-ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন সময় অনুযায়ী করদাতারা আগামী রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।
রোববার ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি জারি করেছে সংস্থাটির ই-ভ্যাট ইউনিট।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শবে বরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা সরকারি ছুটি ছিল। এ কারণে নির্ধারিত সময়ে অনেক করদাতা রিটার্ন জমা দিতে পারেননি।
এছাড়া ১৫ ফেব্রুয়ারি ই-চালান ব্যবস্থার ওটিপি সার্ভার সাময়িকভাবে বিকল ছিল। এতে অনলাইনে রিটার্ন দাখিলে জটিলতা তৈরি হয়। জনস্বার্থ বিবেচনায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ৬৪ এর উপধারা ১ক এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী, জানুয়ারি ২০২৬ মাসের ই-ভ্যাট রিটার্ন ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে জমা দেওয়া যাবে।

