নবনিযুক্ত অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর “খারাপ অবস্থা” নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে প্রথম দিনের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। এগুলোতে স্বচ্ছতা ও দক্ষতা আনতে হবে।”
নতুন অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি সবাইকে সমানভাবে সেবা দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে সবাইকে সমান সুযোগ দিতে হবে। অর্থনীতির সুফল যেন দেশের সব মানুষ পেতে পারে।”
আমীর খসরু মাহমুদ চৌধুরী পৃষ্ঠপোষকতার ভিত্তিতে অর্থনীতিকে চালিয়ে নেওয়া আর চলতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমাদের বড় ধরনের ‘ডিরেগুলেশন’ করতে হবে। এখন বাংলাদেশ একটি ‘ওভার রেগুলেটেড’ দেশ হয়ে গেছে। পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে এমন অবস্থা তৈরি হয়েছে। অর্থনীতিকে উদারীকরণ করা অপরিহার্য।”
তিনি নবগঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভা শপথ নেয়ার সময় তিনি দায়িত্ব গ্রহন করেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মোট ২২ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন।
নতুন অর্থমন্ত্রীর হাতে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খেলাপি ঋণ কমানো ও ব্যাংক খাতে সংস্কারের মতো বড় চ্যালেঞ্জ। এর আগে আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেতৃত্বাধীন চার–দলীয় জোট সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

