নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই বড় অঙ্কের রাজস্ব আদায়ের খবর এলো। ফাঁকি দেওয়া আয়কর হিসেবে ২০ কোটি ২৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।
গতকাল বুধবার সংস্থাটির সূত্রে জানা যায়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান একাধিক আয়কর বর্ষে এ অর্থ ফাঁকি দিয়েছিল। দীর্ঘ তদন্তের পর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট বিষয়টি উদঘাটন করে। পরে সংশ্লিষ্ট করদাতাদের কাছ থেকে বকেয়া অর্থ আদায় করা হয়। আদায় করা পুরো টাকাই এদিন চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার মোহাম্মদ আব্দুর রকিব বলেন, আয়কর ফাঁকি উদঘাটনে কর্মকর্তারা নিয়মিত কাজ করছেন। নতুন সরকারের কার্যক্রমকে শক্তিশালী করতে সংস্থার তৎপরতা আরও জোরদার করা হবে। তিনি আশা প্রকাশ করেন, ফাঁকি দেওয়া কর আদায় অব্যাহত থাকলে কর ফাঁকির প্রবণতা কমবে এবং করদাতারা স্বচ্ছতার পথে আসবেন।
নতুন সরকারের শুরুতেই উল্লেখযোগ্য এই রাজস্ব আদায় কর প্রশাসনের সক্রিয়তার বার্তা দিল।

