বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ফার্নেস অয়েলের (এইচএফও) নতুন মূল্যহার নির্ধারণ করেছে। ভোক্তাপর্যায় প্রতি লিটার তেলের দাম নির্ধারিত হয়েছে ৭০ টাকা ১০ পয়সা। এটি রাত ১২টা থেকে কার্যকর হবে।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) এবং ৩৪(৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ২০২৫ সালের ২০ জানুয়ারি ফার্নেস অয়েলের মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে দাখিল করেছিল। এর ধারাবাহিকতায় তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোও তাদের বিপণন চার্জ এবং পরিবহন খরচ বৃদ্ধির প্রস্তাব জমা দেয়। এর মধ্যে রয়েছে:
- মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল) – ২৬ মে
- স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসিএল) – ৩ জুন
- যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জেওসিএল) – ২৩ জুন
- পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) – ২১ জুলাই
বিইআরসি ২৯ জানুয়ারি এই প্রস্তাবগুলোর ওপর গণশুনানি পরিচালনা করে। এরপর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রস্তাবকারী ও অন্যান্য আগ্রহী পক্ষকে লিখিত মতামত দেওয়ার সুযোগ দেয়া হয়। বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণের পর কমিশন ভোক্তাপর্যায় ফার্নেস অয়েলের মূল্যহার এবং তেল বিপণন কোম্পানিগুলোর চার্জ পুনর্নির্ধারণ করে।
নতুন হিসাব অনুযায়ী, ফার্নেস অয়েল বিপণনে প্রতিটি কোম্পানির বিপণন চার্জ প্রতি লিটার ০.৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার ১.২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

