ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আগামী ১২ মার্চ। নতুন সংসদের যাত্রা শুরু হবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে। ফলে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়—কে হচ্ছেন নতুন স্পিকার?
নির্ভরযোগ্য সূত্র বলছে, স্পিকার পদে এখন পর্যন্ত বিএনপির প্রবীণ তিনজন নেতার নাম আলোচনায় রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও দলীয় মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর গঠিত মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। পাশাপাশি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে। সরকার গঠনের পর থেকেই আলোচনায় এসেছে—স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ পদে কারা আসছেন।
স্পিকার পদে সবচেয়ে বেশি আলোচিত নাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। দলীয় সূত্রগুলো বলছে, ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে তার গ্রহণযোগ্যতা রয়েছে দল ও সংসদ—দুই জায়গাতেই। নরসিংদী-২ আসন থেকে তিনি মোট পাঁচবার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন, যা তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার প্রমাণ বহন করে। অনেকেই মনে করছেন, অভিজ্ঞতা ও ভাবমূর্তির বিবেচনায় তার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
এছাড়া আলোচনায় আছেন দলের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি তিনি। এবারের নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। তার আইনজ্ঞ পরিচয় এবং সংসদ পরিচালনায় সাংবিধানিক জ্ঞানের বিষয়টি তাকে আলোচনায় রেখেছে।
আরেক সম্ভাব্য নাম সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কারণে তাকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দলীয় মহলে গুঞ্জন রয়েছে, এই তিনজনের মধ্য থেকেই একজনকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সংসদের অধিবেশনেই।
১২ মার্চের অধিবেশন তাই শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; বরং এটি হতে যাচ্ছে নতুন সংসদের ক্ষমতার ভারসাম্য ও রাজনৈতিক বার্তা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন দেখার বিষয়—বিএনপি কাকে দায়িত্ব দিয়ে সংসদের নেতৃত্বে বসায়।

