২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার কমে ৩.৪৯ শতাংশে দাঁড়িয়েছে। টানা তৃতীয় বছরের মতো প্রবৃদ্ধি কমল, যা করোনা-পরবর্তী পুনরুদ্ধার সময়ের মধ্যে সর্বনিম্ন।
আজ (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের ওয়েবসাইটে জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত অর্থবছরের প্রবৃদ্ধির হার সাময়িক হিসাবের তুলনায় ৪৮ বেসিস পয়েন্ট কমেছে।
সাম্প্রতিক প্রবণতা অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭.১০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৫.৭৮ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে আরো কমে ৪.২২ শতাংশে দাঁড়ায়। সর্বশেষ হিসাব টানা তিন বছর ধরে প্রবৃদ্ধির ধারাবাহিক নিম্নমুখী অবস্থার ইঙ্গিত দেয়।
এর আগে ২০১৯-২০ অর্থবছরে করোনা মহামারির সময়ে প্রবৃদ্ধির হার ৩.৪৫ শতাংশে নেমে এসেছিল।
চূড়ান্ত হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে দেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৪৫৬ বিলিয়ন ডলার। টানা দুই বছর কমার পর মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৬৯ ডলারে উন্নীত হয়েছে।
খাতভিত্তিক হিসাবে দেখা যায়, কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি ধীর হয়েছে। তবে একই সময়ে শিল্প খাতে তুলনামূলক বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

