তিন দফা সময় বাড়ানোর পরও কাঙ্ক্ষিত আয়কর রিটার্ন জমা না হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার করদাতাদের আরো সুবিধা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন জমার শেষ সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সূত্র জানিয়েছে, মূলত ২৮ ফেব্রুয়ারি ছিল চলতি ২০২৫–২৬ করবর্ষের রিটার্ন জমার শেষ দিন। তবে রোজা, নির্বাচন ও অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে অনভ্যস্ততা বিবেচনায় এনবিআর করদাতাদের আরো সময় দিয়েছে।
এর আগে, দুই মাস সময় বাড়ানোর জন্য বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) আবেদন করেছিল। অন্যদিকে, চট্টগ্রাম কর আইনজীবী সমিতি এক মাস সময় বৃদ্ধির আবেদন জানিয়েছিল। এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে লেখা চিঠিতে উভয় সংগঠন মোট ১৩টি কারণ তুলে ধরেছে।
আয়কর আইন অনুযায়ী, মূলত ৩০ নভেম্বর ছিল রিটার্ন জমানোর শেষ সময়। কিন্তু ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এনবিআর তিন দফা সময় বৃদ্ধি করেছে। প্রথম দফায় সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল, এরপর ৩১ জানুয়ারি এবং পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট নিবন্ধিত করদাতা আছেন ১ কোটি ২৩ লাখ। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন প্রায় ৩৯ লাখ। অর্থাৎ, এখনও প্রায় ৮১ লাখ করদাতা রিটার্ন দাখিল করেননি। গত বছরের মোট রিটার্ন সংখ্যা ছিল ৪৫ লাখ।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এক মাস সময় বৃদ্ধি বিষয়ে অর্থমন্ত্রী সবুজ সংকেত দিয়েছেন। আদেশ যে কোনো সময় জারি হতে পারে। করদাতাদের জন্য এই সিদ্ধান্ত রিটার্ন জমা দেয়ার সুবিধা বৃদ্ধি করবে এবং সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার সুযোগ দেবে।

