চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্ধেকের বেশি আসন ফাঁকা থেকে যাবে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ফাঁকা আসনের সংখ্যা প্রায় ৭ লাখ। বিশ্ববিদ্যালয়ের মোট আসন ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার মধ্যে বড় ব্যবধান থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি।
গতকাল শনিবার, ৩১ অক্টোবর সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। তাঁর দেওয়া হিসাবে, চলতি বছর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন রয়েছে প্রায় ১৩ লাখ ৪০ হাজার। অন্যদিকে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। সেই হিসাবে সবাই ভর্তি হলেও ৬ লাখ ৯৩ হাজার ৩১৫টি আসন খালি থাকবে। অর্থাৎ আসনের তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেক।
এই ব্যবধান শুধু সংখ্যার হিসাবে সীমাবদ্ধ নয়। এ বছর পরীক্ষার সামগ্রিক ফল এবং জিপিএ-৫ প্রাপ্তির হার কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। প্রত্যাশিত ফল না থাকায় অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি-যোগ্যতার শর্ত পূরণ করতে পারবেন না। ফলে আসন পর্যাপ্ত থাকা সত্ত্বেও যোগ্যতার শর্তের কারণে অনেকের জন্য উচ্চশিক্ষার সুযোগ সীমিত হয়ে পড়তে পারে।
ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হবে কি না, এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে। ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে। তবে কোনো বিশ্ববিদ্যালয় কতটা যোগ্যতার মানদণ্ড শিথিল বা পরিবর্তন করে শিক্ষার্থী ভর্তি করাবে, সেটি পুরোপুরি তাদের নিজস্ব বিবেচনার বিষয়।
এই পরিস্থিতি উচ্চশিক্ষা খাতের একটি বড় বৈপরীত্যকে সামনে এনেছে। একদিকে আসন রয়েছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি, অন্যদিকে শর্ত পূরণ করতে না পারায় একটি অংশ ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। আবার আসন খালি থাকলে বিশ্ববিদ্যালয়গুলোর, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থীর ফির ওপর নির্ভরশীল, তাদের ওপর আর্থিক চাপ বাড়ার আশঙ্কাও থাকে। ফলে ভর্তি-যোগ্যতার মানদণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সিদ্ধান্ত এবার বিশেষ গুরুত্ব পাবে।
এখন দেখার বিষয়, আসন ও শিক্ষার্থীর এই বড় ব্যবধানের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির শর্ত কতটা নমনীয় রাখে এবং তার প্রভাব উচ্চশিক্ষার মান ও সুযোগে কীভাবে পড়ে।

