এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। আগামীতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপার ব্যবস্থা করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর প্রশ্নপত্র ফাঁস হয়নি। তবে চেষ্টা যে হয়নি, তা নয়। তাঁর ভাষ্য, প্রশ্নপত্রের পুরো ব্যবস্থাই বদলে ফেলা হচ্ছে। ভবিষ্যতে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্ন ছাপার পরিকল্পনা রয়েছে এবং পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্ন ছাপার দিকেই সরকার এগোচ্ছে। শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, পড়ালেখার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা বা অসাধুতা বরদাশত করা হবে না।
শিক্ষাব্যবস্থার সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইন পরিবর্তন করা হয়েছে। আইন বদলের পর এসএসসির ফলাফল পর্যালোচনায় শিক্ষার্থীদের গ্রেডে পরিবর্তন এসেছে। এতে ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন। খাতা মূল্যায়নে পরীক্ষকদের দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি দূর করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
এইচএসসি পরীক্ষার সময় কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতায় পরীক্ষার্থীরা যে দুর্ভোগে পড়েছিলেন, সে প্রসঙ্গও তোলেন মন্ত্রী। তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের কষ্ট পোহাতে হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা হয়। পরে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হলেও অংশ নিয়েছে মাত্র ৮২ জন পরীক্ষার্থী। এ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। শিক্ষাক্ষেত্রের কোনো বিষয়কে তিলকে তাল বানিয়ে প্রচার করলে তা জাতির জন্য ক্ষতিকর হতে পারে।
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের কাজও চলছে বলে জানান মন্ত্রী। এ নিয়ে গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পাঠদান আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করলে চলবে না। তথ্য জানার পাশাপাশি প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তাঁর মতে, তথ্যের চেয়ে জ্ঞান এবং জ্ঞানের পাশাপাশি দক্ষতার ওপর বেশি গুরুত্ব দিতে হবে।
প্রশ্নপত্র ফাঁস দীর্ঘদিন ধরে দেশের পাবলিক পরীক্ষার বড় সংকট। পরীক্ষার এক ঘণ্টা আগে উপজেলায় ছাপার ব্যবস্থা হলে প্রশ্ন ফাঁসের সুযোগ কমতে পারে। তবে এর জন্য প্রতিটি উপজেলায় নিরাপদ ছাপাখানা, নির্ভরযোগ্য বিদ্যুৎ ও ইন্টারনেট, প্রশিক্ষিত জনবল এবং কঠোর নজরদারি লাগবে। এসব প্রস্তুতি ছাড়া নতুন ব্যবস্থা কতটা কার্যকর হবে, সেই প্রশ্ন থেকেই যায়। পরিকল্পনাটি কীভাবে এবং কবে থেকে বাস্তবায়ন হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি।

