Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৮৮ হাজার শিক্ষকপদ ফাঁকা, তবু ৬৮ হাজার কোটি টাকায় ৬০০ মডেল স্কুলের পরিকল্পনা
    শিক্ষা

    ৮৮ হাজার শিক্ষকপদ ফাঁকা, তবু ৬৮ হাজার কোটি টাকায় ৬০০ মডেল স্কুলের পরিকল্পনা

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের মাধ্যমিক স্কুলগুলোয় শিক্ষকের পদ শূন্য ৮৮ হাজারের বেশি, শিক্ষার্থীর সংখ্যাও কমছে ধারাবাহিকভাবে। এর মধ্যেই সারা দেশে ৬০০টি নতুন মডেল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৮ হাজার ৪০০ কোটি টাকা, যার বড় অংশ আসবে বিদেশি ঋণ থেকে। শিক্ষাবিদ ও অর্থনীতিবিদদের প্রশ্ন, বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সংকট না মিটিয়ে নতুন অবকাঠামোয় এত বিনিয়োগ কতটা যুক্তিসংগত।

    ঢাকা কলেজিয়েট স্কুল দেশের সবচেয়ে পুরোনো মাধ্যমিক বিদ্যালয়গুলোর একটি। ১৮৩৫ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের বয়স প্রায় ২০০ বছর। অথচ এখানেই শিক্ষক সংকট প্রকট। প্রধান শিক্ষকসহ অনুমোদিত ৫৩টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩২ জন। শূন্য ২১টি পদ, অর্থাৎ প্রায় ৪০ শতাংশ। কোনো শিক্ষক ছুটিতে গেলে সব শাখায় স্বাভাবিক পাঠদান চালানো কঠিন হয়ে পড়ে। শুধু এই স্কুল নয়, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বড় একটি অংশই একই সংকটে ভুগছে।

    গত বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ খালি। এর মধ্যে সরকারি স্কুলে ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি স্কুলে ৮৫ হাজার ৩৩৩টি। মাউশির তথ্য বলছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৬৬ শতাংশ, সহকারী প্রধান শিক্ষকের ৭৫ শতাংশ ও সহকারী শিক্ষকের ৩৭ শতাংশ পদে কোনো জনবল নেই।

    সংকট শুধু স্কুলে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) জানিয়েছে, সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৯৫। আন্তর্জাতিক মানদণ্ডে এটি ১:২০ হওয়ার কথা। অর্থাৎ একজন শিক্ষককে মানদণ্ডের চার গুণেরও বেশি শিক্ষার্থী সামলাতে হচ্ছে।

    অন্যদিকে শিক্ষার্থীর সংখ্যা কমছে। ব্যানবেইসের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ছিল ১ কোটি ৪ লাখ ৭৫ হাজার ১০০ জন। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৮৬ লাখ ৩৮ হাজার ৪১৬ জনে। গত পাঁচ বছরেই কমেছে ১৫ লাখের বেশি। মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা বলছেন, নামমাত্র শিক্ষার্থী নিয়ে চলা স্কুলের সংখ্যাও বাড়ছে।

    উচ্চ মাধ্যমিক পর্যায়েও একই চিত্র। সারা দেশে একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ভর্তিযোগ্য আসন প্রায় ২৫ লাখ। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। উত্তীর্ণ সবাই ভর্তি হলেও প্রায় ১৩ লাখ ৬২ হাজার আসন ফাঁকা থাকবে। অর্থাৎ অর্ধেকের বেশি আসন খালি থেকে যাচ্ছে।

    এই বাস্তবতার মধ্যেই মাউশি ‘এস্টাবলিশমেন্ট অব ৬০০ মডেল স্কুল অ্যান্ড কলেজ ইন সিলেক্টেড এরিয়াজ অব বাংলাদেশ’ নামের প্রকল্প প্রস্তাব করেছে। প্রস্তাব অনুযায়ী, দেশের ৩০০ সংসদীয় আসনের প্রতিটিতে একটি বালক ও একটি বালিকা স্কুল অ্যান্ড কলেজ হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি প্রতিষ্ঠানে ১ হাজার থেকে ১ হাজার ১০০ শিক্ষার্থী পড়ার সুযোগ পাবে। প্রতি শ্রেণিতে তিন-চারটি শাখা থাকবে এবং প্রতি শাখায় ৩৮ থেকে ৪০ জন শিক্ষার্থী।

    প্রতিটি প্রতিষ্ঠানে ৪৫ জন করে মোট ২৭ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর বাইরে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, পরীক্ষাগার ও তথ্যপ্রযুক্তি জনবল, গ্রন্থাগারিক, নার্স, পুষ্টি ও খাবার ব্যবস্থাপনা কর্মী, হোস্টেল তত্ত্বাবধায়ক এবং নিরাপত্তাকর্মীও নেওয়া হবে।

    প্রকল্পে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য তিন একর করে মোট ১ হাজার ৮০০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব রয়েছে। প্রতিটি ক্যাম্পাসে থাকবে ১০ তলা একাডেমিক ভবন ও একটি হোস্টেল। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ল্যাব, ইংরেজি ও জাপানিজসহ বিভিন্ন ভাষা শিক্ষার ল্যাব, খেলার মাঠ, ইনডোর গেমস, সহশিক্ষা কার্যক্রম, ই-লাইব্রেরি ও ডিজিটাল শিখন সুবিধার পরিকল্পনা আছে। জাপানের আদলে স্কুলভিত্তিক খাবার ও পুষ্টি শিক্ষার ব্যবস্থাও রাখা হবে। পাঁচ বছরের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। শুরুর আগে সম্ভাব্যতা সমীক্ষায় ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা।

    প্রকল্পের মোট ব্যয় ৬৮ হাজার ৪০০ কোটি টাকা। এর ৭০ শতাংশ, অর্থাৎ ৪৭ হাজার ৮৮০ কোটি টাকা আসবে আটটি বিদেশি উন্নয়ন সহযোগীর ঋণ থেকে। সংস্থাগুলো হলো বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড (ইডিসিএফ), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইউনেসকো ও ইউনিসেফ। বাকি ২০ হাজার ৫২০ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়ার কথা।

    তবে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে। মাউশি আগে একটি প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠিয়েছিল। যাচাই-বাছাইয়ের পর সেটি ফেরত দেওয়া হয়েছে। কমিশন সম্ভাব্যতা সমীক্ষা শেষ করে সংশোধিত প্রস্তাব জমা দিতে বলেছে।

    প্রকল্পের নথিতে আসনভিত্তিক সমানসংখ্যক প্রতিষ্ঠান নির্মাণের কথা থাকলেও কোন এলাকায় কীসের ভিত্তিতে প্রতিষ্ঠান হবে, তার স্পষ্ট ব্যাখ্যা নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের ঘাটতি, জনসংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা ও স্থানীয় চাহিদা কীভাবে বিবেচনা করা হবে, তা নথিতে পরিষ্কার নয়। পরিবেশবান্ধব ক্যাম্পাসের কথা বলা হলেও সৌরবিদ্যুৎ, বৃক্ষরোপণ, বৃষ্টির পানি সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য আলাদা বরাদ্দের উল্লেখ নেই।

    জানা গেছে, সংসদ সদস্যরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় দুটি করে মডেল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের পক্ষে ডিও লেটার দিয়েছেন। তাই দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা শেষ করে প্রকল্পটি সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) যুক্ত করতে চায় মাউশি। পরিকল্পনা কমিশনও সংসদ সদস্যদের চাহিদার এই প্রকল্পকে অগ্রাধিকার দিতে আগ্রহী। তবে প্রস্তাবিত বিদেশি অর্থায়ন নিশ্চিত হবে কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে।

    পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব (শিক্ষা উইং) রাহনুমা নাহিদ বলেন, প্রকল্প অনুমোদনের আগে সম্ভাব্যতা সমীক্ষা করতে বলা হয়েছে। বাস্তবায়নকারী সংস্থার দেওয়া প্রাথমিক প্রস্তাব যাচাই করে ফেরত পাঠানো হয়েছে। সমীক্ষা শেষ হলে তা সবুজ পাতায় যুক্ত হবে। ঋণের বিষয়টিও এখানে রয়েছে। সবকিছু পর্যালোচনার পর অনুমোদনের জন্য পাঠানো হবে।

    শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান প্রতিষ্ঠানের শিক্ষক সংকট, অবকাঠামোগত দুরবস্থা ও শিক্ষার্থীস্বল্পতা দূর না করে নতুন প্রতিষ্ঠান গড়লে খাতটির সংকট আরও বাড়তে পারে। অতীতেও বিভিন্ন সময়ে মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সব প্রতিষ্ঠান প্রত্যাশিত মান অর্জন করতে পারেনি। অনেক জায়গায় ভবন হলেও শিক্ষক সংকট, দুর্বল ব্যবস্থাপনা ও মানসম্মত পাঠদানের অভাবে সেগুলো উল্টো বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই নতুন প্রকল্পের আগে পুরোনো উদ্যোগগুলোর সাফল্য ও ব্যর্থতা মূল্যায়নের ওপর জোর দিচ্ছেন তাঁরা।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম মনে করেন, নতুন প্রতিষ্ঠান বানানোর চেয়ে বিদ্যমান সমস্যা সমাধান করাই বেশি কার্যকর ও যৌক্তিক হতো। ঋণের অর্থে এমন মেগা প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর মতে, প্রকল্পের বড় অংশ ঋণে হলে ভবিষ্যতে অর্থনীতির ওপর ঋণের বোঝা বাড়বে। শিক্ষা খাতে অবকাঠামো বিনিয়োগের সুফল পেতে দীর্ঘ সময় লাগে, অথচ ঋণ পরিশোধের দায় শুরু হয় অনেক আগেই। তাই এই উদ্যোগ সরকারের নিজস্ব নীতি ও বক্তব্যের সঙ্গেও সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি।

    অর্থনীতিবিদ ও বিশ্লেষক হোসেন জিল্লুর রহমান এ উদ্যোগকে ‘প্রকল্প আসক্তি’ বলে অভিহিত করেছেন। তাঁর ভাষ্য, শুধু শিক্ষা নয়, সব মন্ত্রণালয়েই একই প্রবণতা দেখা যায়। মডেল স্কুলের প্রয়োজন আছে, কিন্তু যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোই শিক্ষক সংকটে ঠিকমতো চলছে না। অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকই নেই। তাই আগে এসব সংকট কাটানো দরকার। তিনি আরও বলেন, সঠিক পরিসংখ্যান ও চাহিদা বিশ্লেষণ ছাড়া প্রকল্প নিলে প্রত্যাশিত সুফল মিলবে না।

    শিক্ষা খাতের বড় প্রকল্পে বিদেশি ঋণের ওপর সরকারের নির্ভরতা নিয়েও উদ্বেগ আছে। গত কয়েক বছরে বিদেশি ঋণ যেমন বেড়েছে, তেমনি সুদে-আসলে পরিশোধের দায়ও বেড়েছে। এ অবস্থায় বিদ্যমান প্রতিষ্ঠানের সক্ষমতা না বাড়িয়ে নতুন অবকাঠামোয় বিপুল ঋণ নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, যেসব এলাকায় স্কুলে পৌঁছানোই বড় বাধা, সেখানে নতুন স্কুলের যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু বিদ্যমান স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, তদারকি ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে একসঙ্গে এতগুলো নতুন স্কুল চালু করলে সংকট আরও বাড়তে পারে। সক্ষমতা তৈরির আগেই বাড়তি দায়িত্ব চাপানো টেকসই সমাধান হতে পারে না বলে মত দেন তিনি। তাঁর পরামর্শ, প্রমাণের ভিত্তিতে পরিকল্পনা করতে হবে। অগ্রাধিকার হওয়া উচিত যেখানে শিক্ষক দরকার সেখানে শূন্যপদ পূরণ, পাঠদানে শিক্ষকদের সহায়তা এবং শিক্ষার্থীদের শেখার ঘাটতি নিয়মিত চিহ্নিত করে তা পূরণ করা।

    মাউশির কর্মকর্তারা জানান, বিদ্যমান প্রতিষ্ঠানের সংকট মেটানোর পাশাপাশি নতুন প্রতিষ্ঠান স্থাপনের বিষয়টিও সরকারের বিবেচনায় আছে। প্রতিটি উপজেলায় মানসম্মত সরকারি মাধ্যমিক প্রতিষ্ঠান নিশ্চিত করতে বিদ্যমান স্কুলের সুযোগ-সুবিধা বাড়ানো, স্কুল জাতীয়করণ ও নতুন স্কুল স্থাপনের বিষয়গুলো দেখা হচ্ছে। শিক্ষক সংকট নিরসনেও সরকার কাজ করছে বলে তাঁরা জানান।

    মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সরকারি স্কুলে ৭০০ শিক্ষক নিয়োগের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। পিএসসির মাধ্যমে বিসিএস নন-ক্যাডার থেকেও দ্রুত আরও শিক্ষক নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সরকারি কলেজে শিক্ষক সংকট কমাতে বিশেষ বিসিএসের চিন্তাভাবনা চলছে। এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে। এর পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিদ্যমান স্কুলে খেলাধুলা, সহশিক্ষামূলক কার্যক্রম ও প্রযুক্তিগত সুবিধা বাড়ানোর কাজ চলছে। তিনি আশা করছেন, আগামী কয়েক বছরের মধ্যে বিদ্যমান সংকটগুলোর ক্রমে সমাধান হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলা ও ঢাকা মহানগরীতে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    ঢাকা বিমানবন্দরে যাত্রী বাড়ছে, রানওয়ে সেই একটিই: তৃতীয় টার্মিনালের পর কি বাড়বে জট?

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    আজ সশস্ত্র বাহিনী দিবস: শহিদদের স্মরণে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.