চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযান চালিয়েছে হল কর্তৃপক্ষ ও প্রক্টরিয়াল টিম। অভিযানে মাদক সেবনের অভিযোগে সাত শিক্ষার্থী ও এক বহিরাগত অতিথিকে শনাক্ত করা হয়েছে। একই অভিযানের সময় অন্য একটি কক্ষে তল্লাশি চালাতে গিয়ে দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। পরে ওই দুজন শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে প্রথম অভিযান চালানো হয়। সেখান থেকে গাঁজা, বিয়ারের বোতল ও মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপর কক্ষটি সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশির সময় শিক্ষকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগ ও আগাম তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। প্রশাসনের দাবি, সেখানে সাত শিক্ষার্থী ও এক অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া গেছে। অভিযানে অংশ নেওয়া এক সহকারী প্রক্টর জানান, কক্ষটির চারটি টেবিলের কোনোটিতেই কোনো বই পাওয়া যায়নি।
মাদক সেবনের অভিযোগে শনাক্ত শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন এবং সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ ও মো. মাহাবুব রহমান। এ ছাড়া ঢাকা থেকে আসা কামরুল ইসলাম নামে একজন অতিথিও ওই কক্ষে ছিলেন।
অন্যদিকে দুই হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইবরাজ হাসান মাহমুদ সামিরের বিরুদ্ধে। তবে ওই দুই শিক্ষার্থীর দাবি, শিক্ষকদের পরিচয় বুঝতে না পারায় তাঁরা কক্ষে প্রবেশে বাধা দিয়েছিলেন।
হলের হাউস টিউটর বাপ্পারাজ হাওলাদার বলেন, অভিযানের সময় ওই কক্ষের দুই শিক্ষার্থী তাঁকে ও আরেক হাউস টিউটরকে ধাক্কা দেন। এ সময় তাঁরা আক্রমণাত্মক আচরণ করেছেন। পরে তাঁরা ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচএস ফারুক আলম বলেন, অভিযানে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টদের সরাসরি মাদক সেবনরত অবস্থায় পাওয়া গেছে। কক্ষটি ইতিমধ্যে সিলগালা করা হয়েছে। হলে থাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবাসিক আসন বাতিল করা হবে।
অভিযানে অংশ নেওয়া সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, গান শোনার কথা বলে শিক্ষার্থীরা কক্ষটিতে মাদক সেবন করছিলেন। সেখানে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। কাঁচা গাঁজা, বিয়ারের বোতল ও ইলেকট্রনিক সিগারেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষকে জানানো হবে এবং শৃঙ্খলা কমিটিতে প্রতিবেদন জমা দেওয়া হবে। হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার ঘটনার পর অভিযুক্ত শিক্ষার্থীরা ক্ষমা চেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, অভিযুক্তদের মধ্যে যাঁরা হলে থাকেন, তাঁদের আবাসিক আসন বাতিল করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন হল প্রভোস্ট। অন্য বিষয়গুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।

