মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দশটি বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বদলে তাকে পাস করানোর অভিযোগে করা মামলার তদন্তে এই গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার রাতে সিআইডির ঢাকা সিরিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মচারী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)। গ্রেপ্তারের পর তাঁদের সাময়িকভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ থানা হেফাজতে রাখা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকার সিআইডি কার্যালয়ে নেওয়া হয়।
সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল জানান, ফল জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের এই তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও তিন আসামি পলাতক। তাঁদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
সিআইডি সূত্র জানায়, মামলাটি সিআইডিতে স্থানান্তরের পর শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলে গিয়ে দুই দিন ধরে তদন্ত চালানো হয়। এ সময় চারটি কম্পিউটারে ফল জালিয়াতির সংশ্লিষ্টতা পাওয়া যায়। পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামার আবদুল মালেকের প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণও মেলে।
মামলার এজাহারভুক্ত আসামি স্ক্যানিং অপারেটর মো. রাশেদুল ইসলাম (৩০) আগেই আদালত থেকে জামিন নিয়েছেন। অন্য এজাহারভুক্ত আসামি স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী (২৮), কম্পিউটার অপারেটর (সলভার) নূর হোসেন রায়হান (৩২) এবং অভিযুক্ত শিক্ষার্থী হাসিবুল আলী শোভনকে (১৭) গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি।
এজাহার অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০ বিষয়ে অকৃতকার্য ওই শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে তাকে পাস দেখানো হয়। বাংলা প্রথম পত্রে ২৩ নম্বরকে ৩৩ এবং দ্বিতীয় পত্রে ২৪ নম্বরকে ৬২ করা হয়। ইংরেজি প্রথম পত্রে ৩৩-এর জায়গায় ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-এর জায়গায় ৮২ বসানো হয়।
এ ছাড়া গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর দেওয়া হয়। অর্থাৎ প্রতিটি বিষয়েই নম্বর বাড়ানো হয়েছে অস্বাভাবিক মাত্রায়।
এ ঘটনায় গত ৩০ অক্টোবর নগরের পাঁচলাইশ মডেল থানায় বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বাদী হয়ে মামলা করেন। মামলায় স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী ও মো. রাশেদুল ইসলাম, কম্পিউটার অপারেটর (সলভার) নূর হোসেন রায়হান এবং শিক্ষার্থী হাসিবুল আলী শোভনকে আসামি করা হয়। এজাহারে তদন্তে শনাক্তযোগ্য অন্য ব্যক্তি ও অজ্ঞাতনামা সহযোগীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলা নম্বর ২৬/২৩৪। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪৭৭(ক) ধারা এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ৫, ৬, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীসহ বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।

