বিশ্ব চলচ্চিত্রে নিজের দীর্ঘদিনের জনপ্রিয়তা ও অভিনয়জীবনের স্বীকৃতি পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ভ্যারাইটির প্রকাশিত সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় ৯২তম স্থান অর্জন করেছেন তিনি। এ তালিকায় জায়গা পাওয়া একমাত্র ভারতীয় অভিনেতাও শাহরুখ।
তালিকায় হলিউডের একাধিক জনপ্রিয় তারকার ওপরে অবস্থান করছেন বলিউডের এই অভিনেতা। তাঁদের মধ্যে রয়েছেন জেন্ডায়া, হোয়াকিন ফিনিক্স, এমা স্টোন, এডি মারফি, সিলভেস্টার স্ট্যালোন, হেনরি ফন্ডা ও ফিলিপ সেমুর হফম্যান।
ভ্যারাইটির মূল্যায়নে, চার দশকের বেশি সময়ের অভিনয়জীবনে ৯০টিরও বেশি সিনেমায় অভিনয় করে ভারতীয় দর্শকদের মুগ্ধ করেছেন শাহরুখ খান। তাঁর অভিনয়ের স্বতন্ত্র ধরন, কৌতুকবোধ এবং দীর্ঘস্থায়ী তারকাখ্যাতি তাঁকে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি এনে দিয়েছে।
শাহরুখের দীর্ঘ অভিনয়জীবনের প্রতিনিধিত্ব করতে সাময়িকীটি বেছে নিয়েছে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নির্মিত ‘দেবদাস’ সিনেমাটি। ২০০২ সালে মুক্তি পাওয়া এই ছবিতে দেবদাস চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। তাঁর বিপরীতে পার্বতী চরিত্রে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন এবং চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন মাধুরী দীক্ষিত।
এ ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ ও কিরণ খের।
বিশ্ব চলচ্চিত্রের তারকাদের নিয়ে প্রকাশিত এ তালিকায় শাহরুখের অন্তর্ভুক্তি ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিচিতির ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

