ঢালিউড মেগাস্টার শাকিব খান এবার রোমান্টিক ঘরানার একটি নতুন সিনেমায় দর্শকদের চমক দিতে যাচ্ছেন। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যেতে পারে একজন পাকিস্তানি নায়িকাকে—এমন খবরই এখন শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু।
নায়কের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চলতি বছরেই ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে এবং একই বছর মুক্তির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে পাকিস্তানের একাধিক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এই তালিকায় সবচেয়ে বেশি আলোচিত নাম পাকিস্তানের জনপ্রিয় তারকা অভিনেত্রী হানিয়া আমির। জানা গেছে, গত বছর হানিয়া আমির যখন বাংলাদেশে এসেছিলেন, তখনই শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। মৌখিকভাবে প্রস্তাবটি পেয়ে তাঁর টিম থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যায়।
যদিও তখন আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি, তবে প্রাথমিক আলোচনায় শাকিব–হানিয়া জুটির সিনেমা প্রায় চূড়ান্ত বলেই ধারণা করা হচ্ছিল।
সূত্র বলছে, হানিয়া আমির আগামী কয়েক মাসের মধ্যেই দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন, তা–ও বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সময়সূচি মিললে তিনি শাকিব খানের সঙ্গে এই রোমান্টিক সিনেমায় কাজ করতে পারেন। এ কারণেই এখনো ছবিটির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি পরিচালক বা শাকিব খানের টিম।
সূত্রের ভাষ্য অনুযায়ী, শাকিব খানের বিপরীতে হানিয়া আমির অথবা পাকিস্তানের অন্য কোনো পরিচিত মুখ থাকবেন—এটা প্রায় নিশ্চিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এদিকে শাকিব খানের আরেক সিনেমা ‘প্রিন্স’–এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। পাশাপাশি এই সুপারস্টারের আরও একটি সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

