মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। জয়সূচক গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেয়ার পর কেইনকে নিয়ে ওই পোস্ট দেন তিনি।
এক্সে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, ইংল্যান্ডের হ্যারি কেইন একজন দুর্দান্ত খেলোয়াড়। কেইনের গোলেঅ্যাজটেকা স্টেডিয়ামকে স্তব্ধ করে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার কিছুক্ষণ পরই ট্রাম্প এই পোস্ট করেন।
উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধের ৩৬ মিনিটে গোল দিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। সেই ঘোর কাটার আগেই ৩৮ মিনিটে মেক্সিকোর জালে আবারও বল জড়ান তিনি। তার জোড়া গোলের পর মরিয়া হয়ে ওঠে মেক্সিকো।
৪২ মিনিটে মেক্সিকোর হুলিয়ান কুইনোনেস গোল করলে ২-১ গোলে পিছিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে নেমেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড। ৫৪ মিনিটে ইংলিশ খেলোয়াড় জ্যারেল কোয়ানশাহকে লাল কার্ড দেখান রেফারি।
বাকিটা সময় ১০ জন খেলোয়াড় নিয়েই খেলতে হয় ইংল্যান্ডকে। অবশ্য এর মাত্র ছয় মিনিট পরই পেনাল্টি পায় থ্রি লায়ন্সরা। পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে ৩-১ গোলে এগিয়ে দেন কেইন।
এর ৯ মিনিট পর ৬৯ মিনিটের মাথায় আরেকটি গোল শোধ করে মেক্সিকো। রাউল জিমেনেজের ওই গোলে তখনও মেক্সিকোর জয়ের আশা টিকেছিল। কিন্তু মেক্সিকো আর গোল দিতে না পারায় শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে থ্রি লায়ন্সরা।

