আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। সমাজ, পরিবার ও কর্মক্ষেত্রে পুরুষের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও নানা সমস্যা নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে দিনটি পালন করা হয়। তবে এই দিবসের ইতিহাস খুব পুরোনো নয়। কয়েক দশকের নানা উদ্যোগের মধ্য দিয়ে ধীরে ধীরে এটি আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে।
পুরুষদের জন্য আলাদা একটি দিবস পালনের ধারণা প্রথম আলোচনায় আসে ১৯৬০-এর দশকে। তখন বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, আন্তর্জাতিক নারী দিবসের মতো পুরুষদের জন্যও একটি বিশেষ দিন থাকা উচিত। ১৯৯০-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কয়েকটি সংগঠন অধ্যাপক থমাস ওস্টারের উদ্যোগে ফেব্রুয়ারি মাসে পুরুষ দিবস পালনের আয়োজন করে। ১৯৯৪ সালে কিছু জায়গায় অনুষ্ঠানও হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে উদ্যোগটি তেমন জনপ্রিয়তা পায়নি।
এরপর ১৯৯৯ সালে নতুন করে আন্তর্জাতিক পুরুষ দিবসের সূচনা করেন ত্রিনিদাদ ও টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড. জেরোম টিলাকসিংহ। তিনি দিবসটির জন্য বেছে নেন ১৯ নভেম্বর। দিনটি তাঁর বাবার জন্মদিন। পাশাপাশি ১৯৮৯ সালের এই দিনে ত্রিনিদাদ ও টোবাগোর একটি ফুটবল দল দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। এই দুই ঘটনাও তারিখ নির্ধারণের পেছনে ভূমিকা রাখে।
এই দিবসের উদ্দেশ্য কেবল পুরুষের অবদান উদযাপন করা নয়, তাঁদের জীবনের নানা চ্যালেঞ্জকে সামনে আনাও। পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, আত্মহত্যা প্রতিরোধ, পারিবারিক দায়িত্ব, সামাজিক প্রত্যাশা এবং লিঙ্গভিত্তিক বৈষম্যের মতো বিষয়ে আলোচনা বাড়ানোই দিবসটির অন্যতম লক্ষ্য। সমাজে ইতিবাচক পুরুষ আদর্শ তুলে ধরা, বাবা হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সন্তান লালন-পালনে অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নারী-পুরুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমতা প্রতিষ্ঠার বার্তাও থাকে এর মধ্যে।
২০২৬ সালের আন্তর্জাতিক পুরুষ দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’, অর্থাৎ ভবিষ্যৎ সবার। এর মাধ্যমে নারী-পুরুষের সহযোগিতা, অন্তর্ভুক্তি ও সমতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ার বার্তা দেওয়া হয়েছে।
বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে ১৯ নভেম্বর দিনটি পালিত হয়। তবে এটি নারী দিবসের প্রতিদ্বন্দ্বী নয়। বরং পুরুষ ও ছেলেদের অভিজ্ঞতা, অবদান এবং সমস্যা নিয়ে খোলামেলা কথা বলার একটি উপলক্ষ হিসেবেই দিবসটিকে দেখা হয়।
পুরুষদের মানসিক চাপ, একাকিত্ব ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে আলোচনা এখনো সমাজে তুলনামূলক কম। অনেক সময় ‘পুরুষ হয়ে কাঁদতে নেই’ ধরনের সামাজিক প্রত্যাশা তাঁদের কথা বলার সুযোগ সীমিত করে দেয়। এই প্রেক্ষাপটে দিবসটি পরিবার ও সমাজকে পুরুষের সুস্থতা নিয়ে ভাবার সুযোগ করে দেয়।

