স্পেনের রাজধানী মাদ্রিদের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। দাবানলে বিধ্বস্ত সিয়েরা ওয়েস্তে অঞ্চল পুনর্গঠনের জন্য তিনি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন।
মেসির এই মানবিক সহায়তার তথ্য নিশ্চিত করেছেন মাদ্রিদ অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আর্জেন্টাইন মহাতারকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়ুসো লিখেছেন, ‘লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চল পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। এ জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাদ্রিদের মানুষ আশা করছে, খুব শিগগিরই তাকে আবার এখানে স্বাগত জানাতে পারবে এবং প্রাপ্য সম্মানের সঙ্গে করতালিতে তাকে অভিবাদন জানাবে।’
গত কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে আগুন জ্বলতে থাকলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ঝুঁকি পুরোপুরি কাটেনি। নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় এখনও নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছেন জরুরি সেবাকর্মীরা।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর মাদ্রিদ অঞ্চলের দমকল বাহিনী, বন অগ্নিনির্বাপক ইউনিট এবং বনরক্ষীদের ১৬টি দল আগুন নিয়ন্ত্রণে রাখা ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেছে। বিশেষ করে সান হুয়ান জলাধারসংলগ্ন এলাকায় আগুনের অবশিষ্ট উত্তপ্ত অংশগুলোর ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।
দাবানলের প্রভাবের কারণে পেলায়োস দে লা প্রেসা এবং সান মার্তিন দে ভালদেইগ্লেসিয়াসের সাতটি আবাসিক এলাকায় এখনো প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। একই সঙ্গে সান হুয়ান জলাধার ও আলবের্শে সমুদ্রসৈকত সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে এম-৯৫৭ সড়কের প্রায় ছয় কিলোমিটার অংশেও যান চলাচল স্থগিত রয়েছে।

