দীর্ঘদিনের প্রেম ও একসঙ্গে পথচলার পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় এক দশকের সম্পর্কের পর মঙ্গলবার (১১ আগস্ট) দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন তিনি।
বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো-জর্জিনার বিয়ের খবর নিশ্চিত করেছেন। পরে রোনালদো নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দুজনকে হাত ধরে থাকতে দেখা যায়, আর দুজনের আঙুলেই ছিল বিয়ের আংটি।
গত কয়েক দিন ধরে তাদের বিয়ের আমন্ত্রণপত্র ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে সত্যিই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবলার।
রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু প্রায় ১০ বছর আগে। ২০১৬ সাল থেকে তারা একসঙ্গে বসবাস করছেন। দীর্ঘ এই সময়ে তারা নিজেদের সন্তানদের পাশাপাশি রোনালদোর আগের সন্তানদেরও নিয়ে একটি পরিবার গড়ে তুলেছেন।
রোনালদোর ক্যারিয়ারের নানা উত্থান-পতন এবং সাফল্যের মুহূর্তে জর্জিনাকে সবসময় তাঁর পাশে দেখা গেছে। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে রোনালদোও জানিয়েছিলেন, বিয়ের জন্য তারা তাড়াহুড়া করতে চান না; সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন।
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি ছিল বেশ সাধারণ, কিন্তু আবেগঘন।
কোনো বিলাসবহুল আয়োজন কিংবা বড় কোনো অনুষ্ঠানে নয়, গভীর রাতে জর্জিনাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এক বন্ধুর কাছ থেকে আংটি পাওয়ার পর আর অপেক্ষা করতে চাননি রোনালদো।
তবে সেই বিশেষ মুহূর্তে ঘটে যায় মজার এক ঘটনা। রোনালদো ও জর্জিনার দুই সন্তান হঠাৎ ঘরে ঢুকে পড়ে এবং তাদের সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে যায়।
ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ৪১ বছর বয়সী রোনালদো। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন।
ফুটবল মাঠে অসংখ্য সাফল্য অর্জনের পর এবার ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ এক মাইলফলক স্পর্শ করলেন এই ফুটবল কিংবদন্তি। দীর্ঘদিনের সম্পর্কের পর রোনালদো ও জর্জিনার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দনে ভাসছেন এই তারকা জুটি।

