Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক: শূকরের কিডনি নিয়ে বেঁচে আছেন মার্কিন নারী
    স্বাস্থ্য

    চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক: শূকরের কিডনি নিয়ে বেঁচে আছেন মার্কিন নারী

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    স্বামী পলের সঙ্গে মলি ফ্যালকো। জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে মলি এক বছর পূর্ণ করলেন। ছবি: টনি লুওং/দ্য নিউইয়র্ক টাইমস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দ্য নিউ ইয়র্ক টাইমস

    জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের পর বড় ধরনের জটিলতা ছাড়াই এক বছর পার করেছেন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ৫৮ বছর বয়সী মলি ফ্যালকো। এখন পর্যন্ত এ ধরনের কিডনি প্রতিস্থাপন করা পরিচিত রোগীদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি সময় ধরে বেঁচে আছেন।

    চিকিৎসকদের কাছে ঘটনাটি জেনোট্রান্সপ্লান্টেশন বা এক প্রজাতির প্রাণীর অঙ্গ অন্য প্রজাতির শরীরে প্রতিস্থাপনের গবেষণায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

    মানুষের শরীরে শূকরের অঙ্গ ব্যবহার এখনো পরীক্ষামূলক পর্যায়ে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তি সফল হলে ভবিষ্যতে কিডনি বিকল হওয়া রোগীদের জন্য ডায়ালাইসিসের বিকল্প বা দীর্ঘমেয়াদি সমাধানের নতুন পথ খুলে যেতে পারে।

    ম্যাস জেনারেল ব্রিঘাম ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের কিডনি প্রতিস্থাপন গবেষণার পরিচালক ডা. লিওনার্দো রিয়েলা বলেন, ‘এটি আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে যে প্রক্রিয়াটি কার্যকর করা সম্ভব। তবে এখনই বিজয়োল্লাস করার সময় আসেনি।’

    কিডনির ঘাটতি যেখানে সবচেয়ে বড় সংকট

    যুক্তরাষ্ট্রে পাঁচ লাখের বেশি মানুষ কিডনি বিকল হওয়ার কারণে ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল।

    ইউনাইটেড নেটওয়ার্ক ফর অর্গান শেয়ারিংয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৯০ হাজার মানুষ কিডনি প্রতিস্থাপনের অপেক্ষমাণ তালিকায় আছেন। অথচ গত বছর ২৬ হাজারেরও কম কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।

    অপেক্ষার মধ্যেই গড়ে প্রতিদিন ১২ জন রোগীর মৃত্যু হয়।

    এই দীর্ঘস্থায়ী ঘাটতি মেটাতেই বিজ্ঞানীরা বহু বছর ধরে প্রাণীর অঙ্গ মানুষের শরীরে ব্যবহার করার সম্ভাবনা নিয়ে কাজ করছেন।

    মানব কিডনির মতোই কাজ করছে অঙ্গটি

    দুই সন্তানের মা মলি পেশায় একজন রাঁধুনি। তাঁর জন্মগত একটি জটিলতার কারণে কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।

    ডা. রিয়েলা জানিয়েছেন, প্রতিস্থাপিত শূকরের কিডনি শুধু রক্ত থেকে বিষাক্ত পদার্থ অপসারণ ও মূত্র তৈরিই করছে না, শরীরে তরল ও খনিজ লবণের ভারসাম্য বজায় রাখার মতো মানব কিডনির অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও করছে।

    প্রতিস্থাপনের পর প্রথম দিকে কিছু শারীরিক জটিলতা দেখা দিলেও গত ফেব্রুয়ারির পর থেকে মলিকে আর হাসপাতালে ভর্তি হতে হয়নি।

    বর্তমানে তাঁর শরীর থেকে কিডনিটি অপসারণের কোনো পরিকল্পনাও নেই।

    ডা. রিয়েলার আশা, মলি এই অঙ্গ নিয়ে আরও অন্তত এক বছর সুস্থভাবে থাকতে পারবেন।

    মলি বলেন, ‘এটি এখনো কাজ করছে দেখে আমি প্রতিদিনই বিস্মিত হই। আমি যত দিন পারি এটিকে ধরে রাখার চেষ্টা করব। আর যদি চিরকাল টিকে থাকে, তবে তা হবে অবিশ্বাস্য।’

    তিনি আরও বলেন, শূকরের কিডনি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তাঁর কখনো বিশেষ ভয় ছিল না।

    ৬৯টি জিনগত পরিবর্তন করা হয়েছিল শূকরটিতে

    মলির শরীরে যে কিডনিটি প্রতিস্থাপন করা হয়েছে, সেটি এসেছে বিশেষভাবে তৈরি একটি শূকর থেকে।

    শূকরটির জিনে মোট ৬৯টি পরিবর্তন করা হয়েছিল। এর মধ্যে ৫৯টি পরিবর্তনের উদ্দেশ্য ছিল শূকরের শরীরে থাকা রেট্রোভাইরাসগুলো নিষ্ক্রিয় করা।

    এর কারণ হলো, প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপন করলে প্রাণীবাহিত রোগ বা ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।

    এই ঝুঁকি কমাতে এসব শূকরকে বিশেষ জীবাণুমুক্ত পরিবেশে বড় করা হয়।

    ক্লোনিং ও উন্নত জিন-সম্পাদনা প্রযুক্তির অগ্রগতিই গত কয়েক বছরে এ ধরনের প্রতিস্থাপনকে বাস্তব পর্যায়ে নিয়ে এসেছে।

    পাঁচ বছরেই দ্রুত এগিয়েছে গবেষণা

    মাত্র পাঁচ বছর আগে নিউইয়র্কের সার্জন ডা. রবার্ট মন্টগোমারি প্রথমবারের মতো একজন ব্রেইন-ডেড রোগীর শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপন করেছিলেন।

    এরপর অল্প সময়ের মধ্যেই জীবিত রোগীদের ওপর পরীক্ষামূলক প্রতিস্থাপন শুরু হয়।

    জেনোট্রান্সপ্লান্টেশন নিয়ে লেখা ‘এভরি লিভিং ক্রিয়েচার’ বইয়ের লেখক এবং ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের ট্রান্সপ্লান্ট সার্জন ডা. জোশুয়া মেজরিচ বলেন, ‘শূকরের কিডনি নিয়ে মানুষ বেঁচে আছে ও চলাফেরা করছে—এ কথা শুনলে গায়ে কাঁটা দেয়। এ উদ্ভাবন চাঁদে মানুষ পাঠানোর মতো।’

    এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে

    সাফল্যের পরও এ চিকিৎসার সামনে বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে।

    সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিস্থাপিত অঙ্গ শরীর যাতে প্রত্যাখ্যান না করে, সেজন্য রোগ প্রতিরোধক্ষমতা দমনকারী ওষুধ দিতে হয়। আবার রোগ প্রতিরোধক্ষমতা বেশি কমিয়ে দিলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

    এই দুইয়ের মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করাই এখন গবেষকদের বড় কাজ।

    ডা. রিয়েলা বলেন, ‘এটাই শেখার বড় ধাপ।’

    খরচ ও সবার নাগালের প্রশ্ন

    এ প্রযুক্তি ভবিষ্যতে সফল হলেও তা কতটা ব্যয়বহুল হবে এবং সব রোগী সমানভাবে এর সুযোগ পাবেন কি না—সে প্রশ্নও উঠছে।

    ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর সেন্টার ফর বায়োএথিক্সের গবেষক অ্যাডাম নেগ্রি বলেন, এটি নিঃসন্দেহে উদ্‌যাপনের মতো একটি মাইলফলক এবং অপেক্ষমাণ রোগীদের জন্য আশার উৎস।

    তবে তাঁর মতে, অঙ্গের সরবরাহ বাড়াতে আরও কিছু তুলনামূলক কম ব্যয়বহুল পথও রয়েছে।

    এর মধ্যে রয়েছে আরও বেশি মানুষকে অঙ্গদাতা হিসেবে নিবন্ধিত করা এবং জীবিত দাতাদের কিডনি দান উৎসাহিত করা।

    ছয় রোগীর মধ্যে মলির ফল সবচেয়ে ভালো

    ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ম্যাস জেনারেল ব্রিঘামে মোট ছয়জন রোগীর শরীরে বায়োটেক কোম্পানি ই-জেনেসিসের তৈরি শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।

    হাসপাতালের তথ্য অনুযায়ী, প্রথম রোগী আগে থেকেই থাকা হৃদ্‌রোগের কারণে প্রতিস্থাপনের কিছুদিন পর মারা যান।

    আরও দুই রোগীর শরীর যথাক্রমে আট ও নয় মাস পর প্রতিস্থাপিত কিডনি প্রত্যাখ্যান করে।

    এ বছর প্রতিস্থাপন করা অন্য দুই রোগীর শরীরে শূকরের কিডনি এখনো কাজ করছে।

    সবচেয়ে দীর্ঘ সময় ধরে কিডনিটি সচল রয়েছে মলির শরীরে।

    বড় আকারের ট্রায়াল শুরু হচ্ছে

    আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ১০টি চিকিৎসাকেন্দ্রে ৩৩ জন রোগীর ওপর ই-জেনেসিসের শূকরের কিডনি নিয়ে একটি আনুষ্ঠানিক পরীক্ষামূলক প্রয়োগ শুরু করার পরিকল্পনা রয়েছে।

    অন্যদিকে ইউনাইটেড থেরাপিউটিকস কর্পোরেশন গত বছরই তাদের জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে।

    ওই কিডনিগুলোতে ১০টি জিনগত পরিবর্তন করা হয়েছে। এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথের ডা. মন্টগোমারি এই ট্রায়ালের নেতৃত্ব দিচ্ছেন।

    কোম্পানিটি ‘থাইমো-কিডনি’ নামে আরেকটি পৃথক ট্রায়ালও শুরু করেছে। এতে শূকরের কিডনির পাশাপাশি থাইমাস গ্রন্থির টিস্যু ব্যবহার করা হচ্ছে, যাতে শরীরের অঙ্গ প্রত্যাখ্যানের ঝুঁকি কমানো যায়।

    এ ছাড়া হৃদ্‌যন্ত্র বিকল রোগীদের শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের ছোট পরিসরের ট্রায়ালের অনুমোদনও পেয়েছে প্রতিষ্ঠানটি।

    ‘জীবন এখন প্রায় স্বাভাবিক’

    নতুন কিডনি পাওয়ার পর নিজের জীবনকে ‘প্রায় স্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন মলি।

    সংক্রমণের ঝুঁকি কমাতে জনসমক্ষে তাঁকে এখনো মাস্ক পরতে হয়। রোগ প্রতিরোধক্ষমতা নিয়ন্ত্রণের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে হালকা কাঁপুনিও রয়েছে।

    তারপরও এখন তিনি ভ্রমণের অনুমতি পেয়েছেন।

    বড়দিনে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে কলোরাডো যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। শারীরিক অবস্থা আরও স্থিতিশীল হওয়ায় সক্রিয় জীবনে ফিরতেও আগ্রহী মলি।

    তিনি বলেন, ‘আমি সত্যিই বাচ্চাদের সঙ্গে আবার স্কিইংয়ে ফিরতে চাই। ভাবছি ছোট বাচ্চারা যে সহজ ঢালে স্কিইং করে, সেটি দিয়ে শুরু করে দেখি কেমন লাগে।’

    মলির এই এক বছর এখন গবেষকদের জন্য শুধু একটি ব্যক্তিগত সাফল্যের গল্প নয়। বরং অঙ্গের তীব্র ঘাটতি মোকাবিলায় প্রাণীর অঙ্গ মানুষের শরীরে ব্যবহার ভবিষ্যতে কতটা বাস্তবসম্মত হতে পারে—তার গুরুত্বপূর্ণ পরীক্ষাও।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বিদ্যুৎ ও পানির সংকটে নাকাল নাইজেরিয়া, বাদ যায়নি প্রেসিডেন্টের বাসভবনও

    নভেম্বর 24, 2026
    আন্তর্জাতিক

    হুয়াং ফিরতেই এনভিডিয়ার শেয়ারে ৩১% উল্লম্ফন, বাজারমূল্য বাড়ল প্রায় ১ ট্রিলিয়ন ডলার

    নভেম্বর 24, 2026
    আন্তর্জাতিক

    ইয়েমেনে বাড়ছে মানবিক সংকট, ৪ মাসেই বাস্তুচ্যুত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.