ইয়েমেনে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার কারণে চলতি বছরের আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। একই সময়ে সংঘাতে শত শত বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি
সোমবার (২৩ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক কয়েক মাসে ইয়েমেনের বিভিন্ন এলাকায় ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে।
সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন তাইজ প্রদেশে। সেখানে বর্তমানে প্রায় ১ লাখ ৪৫ হাজার ঘরছাড়া মানুষ অবস্থান করছেন।
নিহতদের অর্ধেকই শিশু
জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্য অনুযায়ী, আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ইয়েমেনে অন্তত ৩২৩ জন বেসামরিক মানুষের হতাহতের ঘটনা যাচাই করা হয়েছে।
তাঁদের মধ্যে ৭৬ জন নিহত এবং ২৪৭ জন আহত হয়েছেন।
ডুজারিক জানান, মোট হতাহত ব্যক্তিদের এক-তৃতীয়াংশের বেশি শিশু। আর নিহত ব্যক্তিদের অর্ধেকই শিশু।
তবে এই পরিসংখ্যান প্রকৃত পরিস্থিতির সম্পূর্ণ চিত্র নয় বলেও সতর্ক করেছেন তিনি।
ডুজারিক বলেন, ‘প্রকৃত সংখ্যা যে আরও অনেক বেশি, তা সহজেই অনুমান করা যায়।’
সড়কে বিধিনিষেধে বাড়ছে দুর্ভোগ
চলমান সংঘাতের পাশাপাশি বিভিন্ন সড়কে বিধিনিষেধের কারণে বেসামরিক মানুষের চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।
বিশেষ করে তাইজে বাণিজ্যিক পণ্য সরবরাহে এর প্রভাব পড়েছে। ফলে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।
ডুজারিক বলেন, এই পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নতুন করে বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলোর জীবন আরও কঠিন করে তুলছে।
দীর্ঘদিন ধরেই ইয়েমেন বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সংকটের মধ্যে রয়েছে। সংঘাতের কারণে দেশটির লাখো মানুষ খাদ্য, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও আশ্রয়ের সংকটে ভুগছেন।
এক দশকের বেশি সময় ধরে সংঘাত
২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের বিভিন্ন এলাকা দখল করার পর ইয়েমেনে সংঘাত তীব্র হয়ে ওঠে।
২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট হস্তক্ষেপ করলে যুদ্ধ আরও বিস্তৃত হয়। এরপর কয়েক বছর ধরে সংঘাত দেশটিকে গভীর মানবিক সংকটের দিকে ঠেলে দেয়।
২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বড় ধরনের লড়াই কিছুটা কমে এসেছিল।
তবে সেই যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গত জুলাই থেকে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর থেকেই বাস্তুচ্যুতি এবং বেসামরিক হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

