শরীর সুস্থ রাখতে হাঁটার বিকল্প নেই। তবে প্রতিদিন কতক্ষণ হাঁটছেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে দিনের কোন সময়ে এবং কতবার হাঁটছেন। একটানা দীর্ঘ সময় হাঁটার বদলে দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে হাঁটলে কি স্বাস্থ্যের বেশি উপকার পাওয়া সম্ভব?
‘ওবেসিটি’ সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় দেখা গেছে, একবারে দীর্ঘ সময় হাঁটার তুলনায় সারা দিনে বিরতি দিয়ে অল্প সময়ের জন্য কয়েকবার হাঁটলে রক্তে শর্করা নিয়ন্ত্রণের কিছু ক্ষেত্রে বেশি ইতিবাচক ফল পাওয়া যেতে পারে।
গবেষণায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মাত্র ৩০ জন। তাই ফলাফলকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। তবে গবেষণাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে- যাঁরা দিনের বেশির ভাগ সময় বসে কাটান, তাঁদের দৈনন্দিন জীবনে হাঁটার অভ্যাস ও ধরন পরিবর্তন করা কতটা জরুরি?
গবেষণার ফলাফল এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে সিএনএনের স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ ড. লিনা ওয়েনের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি একজন জরুরি বিভাগের চিকিৎসক এবং জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর। এর আগে তিনি বাল্টিমোরের স্বাস্থ্য কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সিএনএন: অল্প সময় হাঁটা নাকি একবারে দীর্ঘ সময় হাঁটা—কোনটি বেশি ভালো?
ড. লিনা ওয়েন: এই পরীক্ষায় ১৮ থেকে ৪৫ বছর বয়সী অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত ৩০ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন, যারা প্রতিদিন অন্তত ছয় ঘণ্টা বসে থাকতেন এবং বেশিরভাগ সময় অলস জীবনযাপন করতেন। অংশগ্রহণকারীদের দৈবচয়নের মাধ্যমে দুটি দলে ভাগ করা হয়। উভয় দলকেই ছয় সপ্তাহ ধরে সপ্তাহে পাঁচ দিন, প্রতিদিন ৪৫ মিনিট দ্রুত হাঁটার নির্দেশ দেওয়া হয়। একটি দল একবারে টানা এই হাঁটা শেষ করে; অন্য দলটি সারা দিনে প্রতি ঘণ্টায় প্রায় পাঁচ মিনিট করে হাঁটার বিরতি নেয়। গবেষকেরা অংশগ্রহণকারীদের স্বাভাবিক খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখতে এবং ইচ্ছাকৃতভাবে ওজন কমানোর চেষ্টা না করতে বলেন।
গবেষকেরা ল্যাবরেটরি পরীক্ষা এবং সারাদিন রক্তে গ্লুকোজের মাত্রা মাপার যন্ত্রের (কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর) মাধ্যমে রক্তে শর্করা নিয়ন্ত্রণের বিষয়টি যাচাই করেছেন। তারা দেখেছেন, যারা মাঝেমধ্যে হাঁটার বিরতি নিয়েছেন, একবারে দীর্ঘক্ষণ হাঁটা ব্যক্তিদের তুলনায় তাদের গ্লুকোজ নিয়ন্ত্রণের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বেশি উন্নতি হয়েছে।
যেমন—হাঁটার বিরতি নেওয়া দলটির রক্তে গ্লুকোজ গবেষণায় নির্ধারিত ৭০ থেকে ১৪০ মিলিগ্রাম প্রতি ডেসিলিটারের স্বাভাবিক সীমার ভেতরে থাকার সময় বেড়েছে। পাশাপাশি ওই দলের গ্লুকোজের মাত্রায় ওঠানামাও কম দেখা গেছে। এ ছাড়া রক্ত থেকে শরীর কত সহজে গ্লুকোজ সরিয়ে নিতে পারে, তা যাচাইয়ের ল্যাবরেটরি পরীক্ষায়ও তাঁরা তুলনামূলক ভালো ফল পেয়েছেন।
ফলাফলগুলো আকর্ষণীয় হলেও এই গবেষণার সীমাবদ্ধতাগুলোর কথা উল্লেখ করাও জরুরি।এতে মাত্র ৩০ জন অংশগ্রহণ করেছিলেন, তারা তুলনামূলক তরুণ ছিলেন এবং এই কার্যক্রমটি মাত্র ছয় সপ্তাহ চলেছে। দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা ব্যক্তিদের এতে রাখা হয়নি। তাই হৃদরোগ, ডায়াবেটিস বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে এই ফলাফল সরাসরি প্রযোজ্য নয়।
এই গবেষণায় এমন কোনো নিয়ন্ত্রণ দল বা কন্ট্রোল গ্রুপ রাখা হয়নি, যারা ব্যায়াম ছাড়াই আগের মতো বসে থাকতেন। তা ছাড়া গ্লুকোজ মাপার সময় অংশগ্রহণকারীদের খাওয়ার সময় বা খাবারের ধরন নিয়ে গবেষকেরা কোনো নিয়ন্ত্রণ করেননি, অথচ এই দুটি বিষয়ই রক্তে শর্করার পরিমাপে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি দেখা এই পরিবর্তনগুলো ডায়াবেটিসের ঝুঁকি কমায় কি না বা দীর্ঘমেয়াদি অন্য কোনো জটিলতা রোধ করে কি না, তা এখনো নিশ্চিত নয়। এই পদ্ধতির দীর্ঘস্থায়ী কোনো চিকিৎসাগত সুফল আছে কি না, থাকলেও তা কতটা—তা নিশ্চিত করতে আরও বড় পরিসরে, নানা শ্রেণির মানুষের ওপর এবং দীর্ঘ সময় ধরে গবেষণা প্রয়োজন।
সিএনএন: একবারে দীর্ঘ সময় হাঁটার চেয়ে কয়েকটি অল্প সময় হাঁটা রক্তে শর্করা নিয়ন্ত্রণে কেন বেশি উপকারী হতে পারে?
ওয়েন: গবেষকেরা এর পেছনে সম্ভাব্য কয়েকটি কারণ তুলে ধরেছেন। একটি কারণ হলো আমাদের পেশি কীভাবে গ্লুকোজ ব্যবহার করে। কেউ ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলে তার পেশিগুলো অনেকটাই নিষ্ক্রিয় থাকে। উঠে হাঁটলে এসব পেশি সক্রিয় হয় এবং রক্তপ্রবাহ বাড়ে, যা পেশির কোষে গ্লুকোজ পৌঁছাতে সাহায্য করে। সারা দিনে বারবার হাঁটার বিরতি নিলে নির্দিষ্ট সময় পরপর পেশিতে গ্লুকোজ গ্রহণের প্রক্রিয়া সচল হতে পারে এবং রক্তে শর্করার মাত্রা আরও স্থিতিশীল রাখতে সহায়তা করে।
আরেকটি সম্ভাব্য কারণ হলো, হাঁটার বিরতি চর্বির কোষ বা ফ্যাট টিস্যু কীভাবে ইনসুলিনের প্রতি সাড়া দেয় এবং পুষ্টি উপাদান প্রক্রিয়াজাত করে, তার ওপর প্রভাব ফেলে—যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। এ ছাড়া বারবার পেশির সক্রিয়তা যকৃৎ বা লিভারকে রক্তপ্রবাহে আরও গ্লুকোজ ছাড়তে উদ্দীপ্ত করতে পারে, যাতে পেশির ব্যবহৃত গ্লুকোজের ঘাটতি পূরণ হয় এবং শরীর আরও ভালোভাবে সাড়া দিতে পারে। গবেষকেরা জোর দিয়ে বলেছেন যে এর সঠিক কার্যপদ্ধতি এখনো অজানা, এবং ভবিষ্যতের গবেষণায় দেখা এই উন্নতির পেছনের শারীরবৃত্তীয় কারণগুলো আরও স্পষ্ট হতে পারে।
সিএনএন: যাদের ডায়াবেটিস নেই, তাঁদের ক্ষেত্রেও রক্তে শর্করা নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ?
ওয়েন: খাবার হজম হওয়ার সময় কার্বোহাইড্রেট ভাঙার ফলে খাওয়ার পর স্বাভাবিক নিয়মেই রক্তে শর্করা বাড়ে। কোষগুলো যাতে গ্লুকোজ গ্রহণ করতে পারে এবং রক্তে শর্করা স্বাভাবিক মাত্রায় ফিরে আসে, সে জন্য অগ্ন্যাশয় ইনসুলিন নিঃসরণ করে। সমস্যা তখনই তৈরি হয়, যখন কোষগুলো ইনসুলিনের প্রতি প্রতিরোধী হয়ে ওঠে বা ঘাটতি পূরণের মতো পর্যাপ্ত ইনসুলিন অগ্ন্যাশয় তৈরি করতে পারে না। সময়ের সাথে সাথে এসব সমস্যা প্রি-ডায়াবেটিস এবং টাইপ ২ ডায়াবেটিসের দিকে গড়াতে পারে।
দীর্ঘদিন ধরে রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে রক্তনালি ও স্নায়ুর ক্ষতি হতে পারে, যার ফলে হৃদরোগ, কিডনির রোগ, দৃষ্টিশক্তি হারানোসহ নানা জটিলতার ঝুঁকি বাড়ে। এই গবেষণায় ব্যবহৃত একটি সূচক হলো গ্লুকোজ ভেরিয়েবিলিটি, যা সারা দিনে রক্তে শর্করার মাত্রা কতটা ওঠানামা করে তা বোঝায়। ওঠানামার প্রবণতা বেশি হওয়ার সঙ্গে হৃদযন্ত্রের ক্ষতিকর প্রভাবের যোগসূত্র রয়েছে, বিশেষ করে যাঁদের ডায়াবেটিস আছে তাঁদের ক্ষেত্রে।
সিএনএন: মানুষের কি একবারে লম্বা সময় ধরে ব্যায়াম করা বাদ দিয়ে তার বদলে অল্প সময়ের ব্যায়াম বেছে নেওয়া উচিত?
ওয়েন: নিয়মিত ব্যায়ামের অভ্যাস বাদ দেওয়ার পরামর্শ আমি দেব না। এই গবেষণায় একই পরিমাণ দ্রুত হাঁটার দুটি সময়সূচির তুলনা করা হয়েছে এবং গ্লুকোজ নিয়ন্ত্রণের নির্দিষ্ট দিকগুলো মাপা হয়েছে। অল্প সময় হাঁটানাকি দীর্ঘ সময় হাঁটা—কোনটি হৃদ্যন্ত্রের সহনশীলতা, পেশির শক্তি বা দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে বেশি উন্নতি ঘটায়, তা এই গবেষণায় যাচাই করা হয়নি।
একটানা অ্যারোবিক কার্যক্রমের সুনির্দিষ্ট উপকারিতা রয়েছে হৃদ্স্বাস্থ্য, রক্তচাপ, শারীরিক সক্ষমতা এবং মানসিক সুস্থতার ক্ষেত্রে। পাশাপাশি পেশির ভর ধরে রাখা ও শারীরিক কর্মক্ষমতা বাড়ানোর মতো অতিরিক্ত সুবিধা দেয় শক্তি বৃদ্ধিমূলক ব্যায়াম বা স্ট্রেন্থ ট্রেনিং।
আমার মতে, এর বাস্তব শিক্ষা হলো যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদেরসহ সবারই সারা দিনে চলাফেরার অভ্যাস রাখা উচিত। কেউ যদি সকালে জিমে যান কিন্তু এরপর টানা আট ঘণ্টা ডেস্কে বসে থাকেন, তবে মাঝেমধ্যে উঠে চলাফেরা করলে তিনি উপকৃত হতে পারেন। প্রতিদিনের ব্যায়াম এবং নিয়মিত ছোট ছোট ‘এক্সারসাইজ স্ন্যাকস’ পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করে।
সিএনএন: যারা দিনের বড় একটা সময় বসে থাকেন, তাদের কতক্ষণ পরপর উঠে চলাফেরা করা উচিত?
ওয়েন: এই গবেষণায় অংশগ্রহণকারীদের প্রতি ঘণ্টায় প্রায় পাঁচ মিনিট দ্রুত হাঁটার নির্দেশ দেওয়া হয়েছিল। যাদের কাজে দীর্ঘ সময় বসে থাকতে হয়, তাদের জন্য এটি ভালো একটি উপায়। তারা প্রতি ঘণ্টায় রিমাইন্ডার দিতে পারেন, অফিস বা বাসার ভেতরে হাঁটাহাঁটি করতে পারেন, কিংবা মিটিংয়ের ফাঁকে বাইরে থেকে অল্প সময়ের জন্য হেঁটে আসতে পারেন।
আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্দেশিকা অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত বা ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অন্তত প্রতি ৩০ মিনিট পরপর দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস ভাঙা উচিত। এসব বিরতিতে হাঁটা বা অন্য কোনো শারীরিক কাজ রাখা যায়। কতক্ষণ পরপর ও কত সময় হাঁটলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে আমার মতে, সবচেয়ে জরুরি হলো মানুষ যেন নিজের কাজের সময়সূচির সাথে মানানসই একটি রুটিন তৈরি করে নেয়।
সিএনএন: যারা নতুন করে ব্যায়াম শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আপনার পরামর্শ কী?
ওয়েন: যারা আগে থেকে তেমন শারীরিক পরিশ্রম করতেন না, তাদের সহজ ও বাস্তবসম্মত পরিবর্তনের মাধ্যমে শুরু করার পরামর্শ দিই। প্রতিবার খাওয়ার পর পাঁচ মিনিট হাঁটা দিয়ে শুরু করা যেতে পারে। এরপর ধীরে ধীরে আরেকটি হাঁটা যোগ করা বা হাঁটার গতি বাড়ানো যায়। এ ছাড়া দৈনন্দিন কাজের মধ্যেই চলাফেরা বাড়ানো সম্ভব—যেমন কাছাকাছি কোনো কাজে হেঁটে যাওয়া, গাড়ি একটু দূরে পার্ক করা এবং লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা।
যাদের চলাফেরায় শারীরিক সীমাবদ্ধতা আছে, তারা বসে করা যায় এমন ব্যায়াম, পানিতে করার উপযোগী শরীরচর্চা বা নিজেদের সামর্থ্য অনুযায়ী অন্য কোনো হালকা নড়াচড়া বেছে নিতে পারেন। তবে এমন সীমাবদ্ধতা বা দীর্ঘমেয়াদি কোনো রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক ব্যায়ামের পরিকল্পনা করা উচিত। সবচেয়ে ভালো রুটিন হলো সেটি, যা নিয়মিত ধরে রাখা যায়। শারীরিক সক্ষমতা বাড়ার সাথে সাথে ব্যায়ামের পরিমাণ ধীরে ধীরে বাড়ানো এবং সারা দিনে বসে থাকার সময় কমাতে ছোট ছোট বিরতি নেওয়াই সবচেয়ে কার্যকর।

