এশিয়া টাইমস
এশিয়ার অর্থনীতিগুলো যখন চীনের ধীরগতি, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অনিশ্চয়তা এবং বৈশ্বিক সুদনীতির চাপ সামলানোর চেষ্টা করছে, ঠিক তখনই নতুন করে শুল্কযুদ্ধের ঝুঁকি সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনসহ অন্তত ১৪ থেকে ১৮টি বড় বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা এ অঞ্চলের অর্থনৈতিক অনিশ্চয়তাকে আরও গভীর করেছে।
সবচেয়ে বেশি নজর এখন চীনের দিকে। ওয়াশিংটন বেইজিংয়ের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করছে এবং বাণিজ্য আলোচনা ব্যর্থ হলে তা ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছে। আগামী মাসে মায়ামিতে জি-২০ সম্মেলনে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের কথা রয়েছে।
চীন এর আগে ২০ শতাংশের আশপাশে শুল্ক মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু ৪০ শতাংশের হুমকি বেইজিংয়ের অবস্থান কঠোর করতে পারে, বিশেষ করে মার্কিন চিপ নিষেধাজ্ঞা ও অন্যান্য বাণিজ্যিক বিরোধ নিয়ে দুই দেশের টানাপোড়েন যখন এখনো কাটেনি।
বর্তমান বাণিজ্যবিরতির মেয়াদ ১০ জানুয়ারি শেষ হওয়ার কথা। তবে কোন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চীনের ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করবে, তা এখনো স্পষ্ট করা হয়নি।
চীন একা নয়, চাপ বাড়ছে পুরো এশিয়ায়
নতুন শুল্কের তালিকায় রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনামও।
জাপানের জন্য এই ঘোষণা এসেছে বিশেষ অস্বস্তিকর সময়ে। দেশটির অর্থনীতি তৃতীয় প্রান্তিকে বার্ষিক হিসাবে শূন্য দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন মার্কিন শুল্ক প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকারের জন্য আরেকটি চাপ তৈরি করছে।
দক্ষিণ কোরিয়ার অবস্থাও সহজ নয়। দেশটি দ্রুতগতিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রবৃদ্ধির মডেল গড়ে তুলেছিল। শুধু অক্টোবরেই এআই-সম্পর্কিত চাহিদার কারণে কোরিয়ার রপ্তানি ৯৩ দশমিক ৭ শতাংশ বেড়েছিল, যা ১৯৭৪ সালের পর সর্বোচ্চ প্রবৃদ্ধি।
এখন প্রেসিডেন্ট লি জে মিউংকে একই সঙ্গে এআই খাতের সম্ভাব্য ধাক্কা এবং নতুন মার্কিন শুল্ক—দুই ঝুঁকিই সামলাতে হচ্ছে।
চীনের অভ্যন্তরীণ দুর্বলতার সঙ্গে নতুন চাপ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক এমন এক সময়ে এসেছে, যখন চীনের অর্থনীতি এমনিতেই নানা অভ্যন্তরীণ সমস্যায় ভুগছে।
অক্টোবরে চীনের রপ্তানি আগের বছরের তুলনায় ৩৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। কিন্তু কেবল রপ্তানি দিয়ে এখন আর দেশটির সামগ্রিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হচ্ছে না।
প্রায় সাত বছর ধরে চলা আবাসন খাতের সংকট, দুর্বল ভোক্তা ব্যয়, উচ্চ যুব বেকারত্ব, স্থানীয় সরকারের আর্থিক দুরবস্থা এবং বয়স্ক জনসংখ্যা মিলিয়ে ২০২৭ সালের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে।
চীনের কেন্দ্রীয় ব্যাংকও সুদের হার কমাতে সতর্ক অবস্থানে রয়েছে। কারণ বেশি হারে সুদ কমালে ইউয়ান দুর্বল হতে পারে, যা আবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। একই সঙ্গে অতিরিক্ত ঋণ নেওয়ার ঝুঁকিও বাড়তে পারে।
আদালত কি আবারও বাধা দেবে?
নতুন শুল্কের ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন আইনি লড়াই।
২০২৬ সালের বেশির ভাগ সময়ই ট্রাম্পের বিভিন্ন শুল্ক পদক্ষেপ আদালতের বাধার মুখে পড়েছে। সুপ্রিম কোর্ট একাধিকবার যুক্তি দিয়েছে, আমদানির ওপর এ ধরনের কর আরোপের ক্ষমতা মূলত কংগ্রেসের।
তবে এবারের শুল্কগুলো ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় আনা হয়েছে। ফলে এগুলোও আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক উপ-মহাপরিচালক অ্যালান উলফ মনে করেন, একই সঙ্গে একাধিক দেশের বিরুদ্ধে সেকশন ৩০১ ব্যবহারের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে এবং আদালত শেষ পর্যন্ত এসব শুল্ক বাতিল করতে পারে।
তবুও বাজারের জন্য বড় সমস্যা শুধু শুল্কের হার নয়, অনিশ্চয়তা।
কারণ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো জানে না, কোন শুল্ক থাকবে, কোনটি বাতিল হবে এবং নতুন করে আর কী ধরনের বাধা আসতে পারে।

বাণিজ্যযুদ্ধের খরচ বাড়ছে
অক্সফোর্ড ইকোনমিকসের অর্থনীতিবিদ মার্কো সান্তানিয়েলোর মতে, এবারের বাণিজ্য প্রতিবন্ধকতার প্রভাব আগের দফার তুলনায় অনেক বেশি বিস্তৃত।
তিনি বলেন, যখন প্রতিটি অর্থনৈতিক ব্লক একে অপরের বিরুদ্ধে নতুন বাধা তৈরি করে, তখন বাণিজ্য অন্যদিকে সরিয়ে নেওয়া আরও ব্যয়বহুল হয়ে ওঠে।
তাঁর মতে, এতে যুক্তরাষ্ট্র নিজেও বড় ক্ষতির মুখে পড়তে পারে। কারণ ওয়াশিংটন যদি ‘একক ব্লক’ হিসেবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে চীনের তুলনায় তার বাণিজ্য ক্ষতি বেশি হতে পারে। বেইজিং এখনো বিশ্বের বহু অঞ্চলের সঙ্গে তুলনামূলকভাবে কম বাধার মধ্যে বাণিজ্য করতে পারছে।
আরেকটি বড় ক্ষতি প্রযুক্তি বিনিময়ে।
বাণিজ্যিক ব্লকগুলো যখন নিজেদের ভেতরের সরবরাহকারীদের ওপর নির্ভরতা বাড়ায়, তখন কম প্রতিযোগিতামূলক উৎপাদকও সুবিধা পায়। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী ব্লকের মধ্যে প্রযুক্তি প্রবাহ কমে যায়।
এর ফলে তাৎক্ষণিক বাণিজ্য ক্ষতি পরে দীর্ঘমেয়াদি উৎপাদনশীলতার ক্ষতিতে পরিণত হতে পারে।
বিশেষ করে চিপ তৈরির যন্ত্রপাতির মতো অত্যন্ত বিশেষায়িত সরবরাহব্যবস্থা দ্রুত প্রতিস্থাপন করা কঠিন। বিকল্প উৎস তৈরি করতে গেলে প্রযুক্তি ও উদ্ভাবনের খরচ আরও বাড়তে পারে।
স্বল্পমেয়াদে প্রভাব সীমিত, ঝুঁকি দীর্ঘমেয়াদি
কিছু বিশ্লেষক মনে করছেন, তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক খুব বড় অর্থনৈতিক পরিবর্তন আনবে না।
টিডি কাউয়েনের বিশ্লেষক ক্রিস ক্রুগারের মতে, ১৪ ডিসেম্বর মায়ামিতে জি-২০ সম্মেলনের আগে এই ঘোষণা নতুন বাণিজ্য উত্তেজনা তৈরি করলেও ছুটির মৌসুমের বেশির ভাগ পণ্য ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ঢুকে গেছে। ফলে দামের বড় প্রভাব ২০২৭ সালে বেশি দেখা যেতে পারে।
ডয়চে ব্যাংকের কৌশলবিদ জিম রিডও মনে করেন, এই ঘোষণা মূলত শুল্কের হার নাটকীয়ভাবে বাড়ানোর চেয়ে বর্তমান কাঠামো ধরে রাখার চেষ্টা।
জানুস হেন্ডারসনের পোর্টফোলিও ম্যানেজার ব্র্যাডফোর্ড স্মিথের মতে, স্বল্পমেয়াদে পণ্যের দামে প্রভাব সীমিত হতে পারে। তবে আলোচনা ভেঙে গেলে ভবিষ্যতে আরও শুল্ক বাড়ানোর পথ তৈরি হলো।
ফেডের জন্য নতুন মাথাব্যথা
নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টাকেও জটিল করে তুলতে পারে।
ইওয়াই-পার্থেননের প্রধান অর্থনীতিবিদ গ্রেগ ডাকো মনে করেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি যখন তিন বছরের সর্বোচ্চ পর্যায়ে, তখন নতুন শুল্ক ফেডারেল রিজার্ভকে আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য করতে পারে।
তাঁর আশঙ্কা, আমদানি ব্যয় বাড়লে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সেই অতিরিক্ত খরচের বড় অংশ ভোক্তাদের ওপর চাপিয়ে দিতে পারে।
নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামসও সতর্ক করেছেন, এখন পর্যন্ত শুল্কের মূল্যস্ফীতিজনিত প্রভাব কিছুটা কমে এলেও নতুন শুল্ক এ পরিস্থিতি আবার বদলে দিতে পারে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য ঝুঁকি আরও বেশি
এশিয়ার সবচেয়ে দুর্বল অর্থনীতিগুলোর জন্য নতুন শুল্কের প্রভাব আরও কঠিন হতে পারে।
কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো জশুয়া কুরলান্টজিকের মতে, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের ছায়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্র দেশগুলোর ওপর উচ্চ মার্কিন শুল্ক ভয়াবহ প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশ, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো রপ্তানিনির্ভর অর্থনীতিগুলোর জন্য মার্কিন বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে শুল্ক বাড়লে সরবরাহ শৃঙ্খল, উৎপাদন ব্যয় এবং বিনিয়োগ সিদ্ধান্তে দ্রুত পরিবর্তন আসতে পারে।
অর্থাৎ শেষ পর্যন্ত আদালত এই শুল্ক বাতিল করলেও ক্ষতি পুরোপুরি এড়ানো যাবে না।
কারণ ব্যবসায়ীরা বিনিয়োগ ও সরবরাহব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নেয় ভবিষ্যৎ নীতির স্থিতিশীলতার ওপর ভিত্তি করে। আর ট্রাম্পের নতুন শুল্ক সেই স্থিতিশীলতাকেই আবার প্রশ্নের মুখে ফেলেছে।
এশিয়ার জন্য সবচেয়ে বড় ঝুঁকি তাই শুধু ২০ বা ৪০ শতাংশ শুল্ক নয়। বরং এমন এক বিশ্বব্যবস্থা, যেখানে অর্থনীতির ওপর ভূরাজনীতি ক্রমেই প্রাধান্য পাচ্ছে এবং উন্মুক্ত বাজার ও পূর্বানুমানযোগ্য নিয়ম আর আগের মতো নিশ্চয়তা দিচ্ছে না।

