চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) গ্রাহকদের বীমা দাবি বাবদ ১ হাজার ৩৮৪ কোটি টাকা পরিশোধ করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মধ্যে বীমা সুবিধার অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যুজনিত দাবির অর্থও রয়েছে।
গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠানটি। মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, বছরের প্রথমার্ধে বিপুল পরিমাণ বীমা দাবি নিষ্পত্তি গ্রাহক ও তাদের পরিবারের প্রয়োজনের সময়ে পাশে থাকার প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি জানান, দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করার মাধ্যমে গ্রাহকদের আস্থা বাড়ানোর পাশাপাশি দেশের বীমা খাতের প্রতি মানুষের বিশ্বাস আরও শক্তিশালী করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
মেটলাইফ জানিয়েছে, গ্রাহকদের সময়মতো বীমা দাবির অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এর আগে ২০২৫ সালের পুরো বছরে প্রতিষ্ঠানটি মোট ২ হাজার ৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করে, যা দেশের জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া ২০২৫ সালে মেটলাইফের দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮ শতাংশ। অর্থাৎ, ওই সময়ে জমা পড়া অধিকাংশ বীমা দাবিই সফলভাবে নিষ্পত্তি করেছে প্রতিষ্ঠানটি।
বীমা খাতে গ্রাহকের আস্থা অর্জনের ক্ষেত্রে দ্রুত ও স্বচ্ছ দাবি পরিশোধকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়। মেটলাইফের দাবি নিষ্পত্তির এই ধারাবাহিকতা সেই আস্থা ধরে রাখার প্রচেষ্টার অংশ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

