ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার ভবানীপুর আসনে ভোট গণনায় এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ দফা গণনা শেষে তিনি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর চেয়ে ১৯ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।
তবে এই ফল দীর্ঘস্থায়ী হবে না বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার মতে, এখন পর্যন্ত যে ফল ঘোষণা হয়েছে, তা মমতার শক্ত ঘাঁটির এলাকার গণনার ফল। পরবর্তী ধাপে বিজেপির পক্ষে বড় ধরনের অগ্রগতি হবে বলে তিনি আশাবাদী।
অন্যদিকে নন্দীগ্রাম বিধানসভা আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তৃণমূল প্রার্থী পবিত্র করের চেয়ে ৩ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। সামগ্রিক ভোট গণনার প্রবণতা অনুযায়ী বিজেপি রাজ্যজুড়ে এগিয়ে আছে বলে দাবি করা হচ্ছে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, সর্বশেষ আপডেট পর্যন্ত বিজেপি ১৭৭ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯২টি আসনে। অন্যান্য ছোট দলও কয়েকটি আসনে এগিয়ে আছে।
এ পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। তিনি বলেন, রাজ্যে হিন্দু ভোটাররা একত্রিত হয়ে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন।
তিনি আরও বলেন, তৃণমূল দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতি করেছে এবং রাজ্যে সহিংসতা ছড়িয়েছে বলে অভিযোগ করেন। বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির অবসান ঘটবে বলে তিনি দাবি করেন।
শুভেন্দু অধিকারী বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি এই নির্বাচন লড়ছে এবং তারা জয়ের পথে রয়েছে। ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ ঠেকানো এবং উন্নয়ন নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।
তবে মুখ্যমন্ত্রীর পদ বা প্রশাসনিক কাঠামো নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, বিষয়টি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ভোট গণনা চলমান থাকায় এখনো চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। দুই প্রধান রাজনৈতিক শিবিরই নিজেদের অবস্থান নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে।

