হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইরান দাবি করেছে, মার্কিন বাহিনীর হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ঘটনাটি নিয়ে তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি রেসুল সরদার আতাস এই তথ্য জানিয়েছেন।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যে নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, সেগুলো ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)-এর কোনো সামরিক ইউনিট ছিল না। বরং সেগুলো ছিল সাধারণ বেসামরিক মানুষের ব্যবহৃত নৌযান। তেহরানের দাবি অনুযায়ী, এই হামলা সরাসরি নিরীহ মানুষের ওপর চালানো হয়েছে।
অন্যদিকে ইরান আরও অভিযোগ করেছে যে, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো হরমুজ প্রণালিতে প্রবেশের সময় তাদের রাডার বন্ধ করে গোপনে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। তবে ইরানি নৌবাহিনী সার্বক্ষণিক নজরদারিতে থাকায় মুহূর্তেই বিষয়টি শনাক্ত করা হয়।
শনাক্ত হওয়ার পর ইরানি নৌবাহিনী সতর্কতামূলক প্রতিক্রিয়া হিসেবে মার্কিন জাহাজগুলোর দিকে গোলাবর্ষণ করে। এতে কমব্যাট ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করা হয় বলে দাবি করা হয়েছে। ইরানের ভাষ্যমতে, এই পদক্ষেপের পর মার্কিন ডেস্ট্রয়ারগুলো এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়।
তেহরান আরও কঠোর অবস্থান নিয়ে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবারও হরমুজ প্রণালিতে সামরিক প্রবেশের চেষ্টা করে, তবে সেটিকে যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।
সব মিলিয়ে, এই ঘটনাকে কেন্দ্র করে হরমুজ প্রণালিতে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে, যা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তার ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সিভি/এইচএম

