ভারতের সেনাবাহিনীর নেতৃত্বে বড় পরিবর্তন আনল নয়াদিল্লি। দেশটির নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।
বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন সুব্রামানি। বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে এই পদে রয়েছেন তিনি।
ভারতীয় সেনাবাহিনীতে সুব্রামানির দীর্ঘ কর্মজীবন প্রায় চার দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। ১৯৮৫ সালের ডিসেম্বরে গারওয়াল রাইফেলসে কমিশন লাভের মধ্য দিয়ে তার সামরিক জীবনের শুরু হয়। এরপর থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতেও নেতৃত্ব দিয়েছেন।
সামরিক কৌশল, প্রশাসনিক দক্ষতা এবং নেতৃত্বের কারণে ভারতীয় প্রতিরক্ষা মহলে সুব্রামানিকে অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। তিনি এর আগে ভারতের উপ-সেনাপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন কমান্ডের শীর্ষ পর্যায়ের পদেও ছিলেন।
তার পেশাগত জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামরিক শিক্ষায় শক্ত ভিত্তি। তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যুক্তরাজ্য ও ভারতের বিভিন্ন সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানেও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
দীর্ঘ সামরিক জীবনে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদক পেয়েছেন। এর মধ্যে রয়েছে বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত উত্তেজনা এবং ভূরাজনৈতিক পরিবর্তনের এই সময়ে নতুন সেনাপ্রধান হিসেবে সুব্রামানির দায়িত্ব গ্রহণ ভারতের সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা বাস্তবতায় তার অভিজ্ঞতা ভারতের প্রতিরক্ষা নীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।

